• রাস্তায় তরুণীকে কুপিয়ে খুনের অভিযোগ, নিজের পেটেও ছুরি চালালেন যুবক, প্রবল চাঞ্চল্য সোদপুরে
    এই সময় | ০৮ জুলাই ২০২৬
  • প্রকাশ্য রাস্তায় এক তরুণীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ধারালো অস্ত্র দিয়ে তরুণীকে কোপানোর পরে নিজের পেটেও অস্ত্র চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন যুবক। বুধবার সকালে উত্তর ২৪ পরগনা জেলার সোদপুরের ফিউচার গেট এলাকার স্কুল রোডে ঘটনাটি ঘটেছে।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত তরুণীর নাম গীতা দাস (৩৩)। যে যুবকের বিরুদ্ধে তাঁকে খুনের অভিযোগ, তাঁর নাম সুভাষ দত্ত বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিক ভাবে তদন্তকারীদের অনুমান, সম্পর্কের টানাপড়েনের জেরে এই ঘটনা।

    স্থানীয় সূত্রে খবর, গীতা সোদপুরের নাটাগড় এলাকার মহেন্দ্রনগরের বাসিন্দা। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরেই গীতা এবং সুভাষের মধ্যে সম্পর্ক ছিল। তবে, প্রায়ই দু’জনের মধ্যে অশান্তি হতো বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। বুধবার সকালে দু’জনের মধ্যে অশান্তি হয়। তার জেরেই প্রকাশ্য রাস্তায় ধারালো ছুরি নিয়ে গীতার উপরে ঝাঁপিয়ে পড়েন সুভাষ। একের পর এক কোপে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন গীতা।

    স্থানীয়দের দাবি, গীতা রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়লে আশেপাশের মানুষ তাঁকে বাঁচানোর জন্য এগিয়ে আসেন। সেই সময়ে সুভাষ তাঁদের দিকে ছুরি নিয়ে তেড়ে যান। এরেপরেই ওই ধারালো ছুরি নিজের পেটে ঢুকিয়ে দেন সুভাষ। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন সুভাষ।

    এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় খড়দহ থানার পুলিশ। গুরুতর আহত অবস্থায় দু’জনকে উদ্ধার করে সাগর দত্ত মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা গীতাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় সুভাষকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি।

    প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, প্রেমের সম্পর্কে বিবাদের জেরেই এই ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘটনার তদন্ত চলছে। খুনের জন্য ব্যবহৃত অস্ত্রটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। প্রকাশ্য রাস্তায় এমন ঘটনায় প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

  • Link to this news (এই সময়)