• উন্নয়নে আরও গতি,কোন প্রকল্পে বিশেষ সিদ্ধান্ত
    আজকাল | ০৮ জুলাই ২০২৬
  • দীক্ষা ভুঁইয়া: রাজ্যের উন্নয়নমূলক প্রকল্পের কাজের গতি বজায় রাখতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল নবান্ন। ২০২৬-২৭ অর্থবর্ষে ‘স্টেট ডেভেলপমেন্ট স্কিম’-এর আওতায় থাকা প্রকল্পগুলিতে বার্ষিক বাজেট বরাদ্দের সর্বোচ্চ ৩৩ শতাংশ পর্যন্ত অর্থ ছাড়ের অনুমোদন দিয়েছে রাজ্য অর্থ দপ্তর।

    মঙ্গলবার প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৬-২৭ অর্থবর্ষে প্রশাসনিক দপ্তরগুলি স্টেট ডেভেলপমেন্ট স্কিমের জন্য বার্ষিক বাজেট বরাদ্দের সর্বোচ্চ ৩৩ শতাংশ পর্যন্ত অর্থ ছাড়তে পারবে। তবে এই অর্থ ছাড় এপ্রিল থেকে জুলাই মাসের ভোট-অন-অ্যাকাউন্টে অনুমোদিত বরাদ্দের সীমার মধ্যে হতে হবে।

    নির্দেশিকায় বলা হয়েছে, প্রশাসনিক অনুমোদনপ্রাপ্ত প্রকল্পগুলিতে সংশ্লিষ্ট দপ্তর ব্যয়ের অনুমোদন দিতে পারবে। তবে কেন্দ্রীয় সহায়তাপ্রাপ্ত প্রকল্প, ১৫তম ও ১৬তম অর্থ কমিশনের প্রকল্প, কেন্দ্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত প্রকল্প, সেন্ট্রাল সেক্টর স্কিম, ভর্তুকি, ঋণ ও অগ্রিম এবং বিনিয়োগ সংক্রান্ত ব্যয়ের ক্ষেত্রে অর্থ দপ্তরের বাজেট শাখার আগে থেকে অনুমোদন বাধ্যতামূলক থাকবে। একইসঙ্গে আরআইডিএফ সম্পর্কিত রাজ্য উন্নয়ন প্রকল্পগুলির ক্ষেত্রেও ৩৩ শতাংশ পর্যন্ত অর্থ ছাড়ের অনুমতি দেওয়া হয়েছে।

    অর্থ দপ্তর আরও জানিয়েছে, এই ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে প্রকল্পের প্রশাসনিক অনুমোদন, আর্থিক উপদেষ্টার সম্মতি, বরাদ্দের মধ্যে ব্যয় এবং অনুমোদিত প্রকল্পের নকশা বা কারিগরি মানদণ্ডে কোনও বিচ্যুতি না থাকার শর্ত মানতে হবে।
  • Link to this news (আজকাল)