• সুজন-সহ ৪ জনের বিরুদ্ধে বারুইপুর থানায় এফআইআর
    আজকাল | ০৮ জুলাই ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: বারুইপুরের সূর্যপুরে নাবালিকা ধর্ষণ-খুনের ঘটনাকে কেন্দ্র করে ‘অপরাধমূলক ষড়যন্ত্র ও উস্কানি’র অভিযোগ তুলে মঙ্গলবার সন্ধ্যায় বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করল বিজেপি।

    বারুইপুর বিজেপির ৪ নম্বর মণ্ডলের পক্ষ থেকে এই অভিযোগ জমা দেওয়া হয়। অভিযোগে নাম রয়েছে বামফ্রন্ট নেতা সুজন চক্রবর্তী, লাহেক আলি, মোনালিসা সিনহা সহ মোট চারজনের।

    বিজেপির অভিযোগ, সূর্যপুরের ঘটনার পর সোস্যাল মিডিয়া ও জনসমক্ষে প্ররোচনামূলক মন্তব্য করা হয়েছে। মিথ্যা খবর প্রচার করে এলাকায় দাঙ্গা লাগানোর চেষ্টা হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগপত্রে বিজেপি নেতৃত্ব অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। উল্লেখ্য, গত ৪ জুলাই সূর্যপুর থেকে ১১ বছরের এক নাবালিকা নিখোঁজ হয়। পরদিন পুকুরপাড় থেকে তার দেহ উদ্ধার হয়। এই ঘটনায় ইতিমধ্যেই কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

    প্রসঙ্গত, বারুইপুরের নাবালিকা ‘ধর্ষণ ও খুনের ঘটনাকে ঘিরে উত্তপ্ত রাজ্যের রাজনৈতিক ও প্রশাসনিক মহল। ঘটনার পর থেকেই তদন্তের অগ্রগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং দোষীদের দ্রুত শাস্তির দাবিতে সরব বিভিন্ন মহল। এই পরিস্থিতিতে মঙ্গলবার বারুইপুর পুলিশ সুপারের (এসপি) দপ্তরে যান রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছে প্রশাসনিক মহল।

    বারুইপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, "ডিজিপিকে ৭২ ঘণ্টা সময় দিয়েছি। তারপরেই কড়া ব্যবস্থা নেব। কাউকেই ছাড়া হবে না।‌ দুই পরিবারের সঙ্গে কথা বলেছি। আউটপোস্ট চালু করব। এক সপ্তাহের মধ্যে আবার আসব। সরকার যা করছে, তা দেখতে পাবেন। যাঁরা পুলিশের গাড়ি ভেঙেছে, রেললাইন উপড়েছে, তাঁদের ছাড় নয়। এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে, তার ব্যবস্থা করব। যাঁরা ভোটে হেরেছে, তাঁদের চিহ্নিত করা হয়েছে। আমি ক্ষমতায় এসেই আরজি কর কাণ্ডের তিন আইপিএসকে সাসপেন্ড করেছি। বারুইপুরের নির্যাতিতার পরিবারের ১০, ১২ জনের সঙ্গে কথা হয়েছে। তাঁরা সরকারের পদক্ষেপে সন্তুষ্ট। এই ঘটনার পর যে উস্কানি দেওয়া হয়েছে, তাঁদের ২০০ জনকে চিহ্নিত করা হয়েছে। তিনজন পুলিশ কর্মী আহত, হাসপাতালে ভর্তি। তাঁদের আমি দেখতে যাচ্ছি।" 
  • Link to this news (আজকাল)