• উচ্চ প্রাথমিকে ১২৪১ জনের কাউন্সেলিং কবে?
    আজকাল | ০৮ জুলাই ২০২৬
  • বিউ সরকার: উচ্চ প্রাথমিকে থমকে থাকা নিয়োগ প্রক্রিয়া নিয়ে অবশেষে কাটতে চলেছে জটিলতা। সম্প্রতি স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান পদে দায়িত্বভার গ্রহণ করেন বরিষ্ঠ আইএএস আধিকারিক দুষ্মন্ত নারিয়ালা। তারপর মঙ্গলবারই আদালতের নির্দেশ মেনে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অপেক্ষারত প্রার্থীদের কাউন্সেলিংয়ের দিন ঘোষণা করল স্কুল সার্ভিস কমিশন। কমিশনের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২১ জুলাই শুরু হবে কাউন্সেলিং। 

    উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা গ্রহণ করা হয় ২০১৫ সালে। এর পর ২০১৬-তে প্রকাশিত হয় নিয়োগের প্যানেল। নিয়োগ সংক্রান্ত আইনি জটিলতা জারি থাকায় এখনও প্যানেলের মেধাতালিকায় নাম থাকা প্রার্থীরা চাকরির সুপারিশপত্র হাতে পাননি। হয়নি কাউন্সেলিংও।

    আদালতের নির্দেশে, উচ্চ প্রাথমিকে মোট ১৪,০৫২টি শূন্যপদে নিয়োগের কাউন্সেলিং শুরু করে এসএসসি। মেধাতালিকায় থাকা ১২,৭২৩ জনের কাউন্সেলিং ও সুপারিশ সম্পন্ন হলেও ১২৪১ জনের নিয়োগ আটকে ছিল। আদালতের ডিভিশন বেঞ্চের এর পর এই ১,২৪১ জন প্রার্থীর কাউন্সেলিং ও সুপারিশের নির্দেশ দিয়েছিল। তার ভিত্তিতেই কাউন্সেলিংয়ের দিন ঘোষণা করল এসএসসি। এই মামলায় একাধিক শুনানিতে আদালতে স্কুল শিক্ষা দফতরের সচিব, কমিশনার, কমিশনের চেয়ারম্যান থেকে সচিব- সকলকেই ব্যক্তিগতভাবে হাজির থাকার নির্দেশ দিয়েছিল আদালত। এর পর শিক্ষা দফতর আদালতে ১,১৭৭টি শূন্যপদের ভিত্তিতে প্রার্থীদের তথ্য জমা দেয়। সেই অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া হয়। অবশেষে মঙ্গলবার সেই কাউন্সেলিং শুরুর দিন ঘোষণা করল এসএসসি।

    নয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২১ জুলাই ১১৭৭ জন প্রার্থীর নিয়োগের কাউন্সেলিং প্রক্রিয়ার আয়োজন করা হবে। তবে ৬৪ জনের নিয়োগের কাউন্সেলিং স্থগিত রাখা হয়েছে। সূত্রের খবর, শীঘ্রই ওই শূন্যপদগুলিতেও কাউন্সেলিং বিজ্ঞপ্তি জারি করবে কমিশন। 

    এ প্রসঙ্গে উচ্চ প্রাথমিক চাকরিপ্রার্থী মঞ্চের সভাপতি সভাপতি সুশান্ত ঘোষ বলেন, "এই বিজ্ঞপ্তিতে আমরা অত্যন্ত খুশি। এ আমাদের দীর্ঘ লড়াইয়ের সার্থকতা। আমরা চাইব অপেক্ষমান বাকি প্রার্থীদের জন্যও দ্রুত কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি প্রকাশ করুক কমিশন।" 

    উল্লেখ্য, আদালতের নির্দেশে ২০২৪ থেকে ২০২৫ অগস্ট পর্যন্ত ৮ দফা কাউন্সেলিং হয়। তার পরই ২০১৬-র প্যানেলের মেধাতালিকায় নাম থাকা প্রার্থীদের কাউন্সেলিং শুরু হয়। কিন্তু সব শূন্যপদে এখনও নিয়োগ সম্পূর্ণ হয়নি। বাকি রয়ে গিয়েছে ১,২৪১ জনের নিয়োগ। গত জুন মাসেও উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ নিয়ে স্কুল সার্ভিস কমিশনের গরিমসিতে ক্ষুব্ধ হন কলকাতা হাইকোর্ট। তাদের গাফিলতিতেই উচ্চ প্রাথমিকের ১২৪১ জন প্রার্থীর নিয়োগ থমকে বলে জানায় আদালত। বারবার কলকাতা হাইকোর্টের নির্দেশ দেওয়া সত্ত্বেও স্কুল সার্ভিস কমিশনের সেক্রেটারি সেই নির্দেশ যথাযথ ভাবে পালন না করায় চরম ক্ষোভ প্রকাশ করলেন বিচারপতি।
  • Link to this news (আজকাল)