বারুইপুরে কিশোরীকে ধর্ষণ-খুনের ঘটনা নিয়ে চাপানউতরের মধ্যেই এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল এ বার উত্তর ২৪ পরগনার মিনাখাঁয়। নাবালিকা যে গৃহশিক্ষিকার কাছে পড়তে যায়, তাঁরই দেওরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। তাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, নাবালিকা নবম শ্রেণির ছাত্রী। মঙ্গলবার সকালে টিউশনে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছিল। অভিযোগ, অভিযুক্ত যুবক সেই সময়েই তাকে রাস্তা থেকে অপহরণ করে পাশের একটি বাড়িতে নিয়ে যায়। তার পরে সেখানে হাত-পা বেঁধে কিশোরীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। আরও অভিযোগ, অভিযুক্ত ধারালো অস্ত্র দিয়ে নাবালিকাকে আঘাতও করে। ধর্ষণের কথা কাউকে জানালে প্রাণে মেরে দেওয়া হবে বলেও হুমকি দেয় অভিযুক্ত। ঘদিও গোটা ঘটনা চাপা থাকেনি। নাবালিকা গোটা ঘটনাই পরিবারকে জানায়। তার পরেই পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত যুবককে।
মঙ্গলবারই অভিযুক্তকে বসিরহাট মহকুমা আদালতে হাজির করিয়েছে পুলিশ। নিজেদের হেফাজতে নিতে চেয়ে আবেদন করেছে। আদালত তা মঞ্জুরও করেছে। নির্যাতিতার পরিবার দোষীর উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছে।