• জনপ্রতিনিধিরা আর থাকতে পারবেন না সভাপতি পদে, বড়সড় ভোলবদল বীরভূমে
    News18 বাংলা | ০৭ জুলাই ২০২৬
  • রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পরিষদের চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানকে পদ থেকে সরিয়ে দেওয়া হয় আশিস বন্দ্যোপাধ্যায় এবং সুকুমার মুখোপাধ্যায়কে। এরপরে চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান কে হবেন, সেই নিয়ে একাধিক জল্পনা তৈরি হয় রাজনৈতিক মহলে। তবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন কোনও জনপ্রতিনিধি উন্নয়ন পর্ষদের সভাপতি পদে থাকতে পারবেন না।

    এই ঘোষণার পরেই বীরভূমের দুই উন্নয়ন পর্ষদ এবার প্রশাসনের দায়িত্ব। বোলপুরের মধ্যে অবস্থিত শ্রীনিকেতন-শান্তিনিকেতন উন্নয়ন পর্ষদ ও তারাপীঠ-রামপুরহাট উন্নয়ন পর্ষদের সভাপতি দু’জন অতিরিক্ত জেলাশাসককে দেওয়া হয়েছে। পূর্বতন সরকারের আমলে এই দুই পর্ষদের নেতৃত্বে সাধারণত সাংসদ, বিধায়ক বা রাজনৈতিক ব্যক্তিত্বরা ছিলেন। এবার প্রশাসনিক স্বচ্ছতা ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণে জোর দিতেই সেই ধারায় পরিবর্তন নিয়ে আসা হয়েছে।

    রাজ্য সরকারের নগরোন্নয়ন ও পুর বিষয়ক দফতরের বিজ্ঞপ্তি অনুসারে শ্রীনিকেতন-শান্তিনিকেতন উন্নয়ন পর্ষদের সভাপতি হচ্ছেন অতিরিক্ত জেলাশাসক (ভূমি ও ভূমি সংস্কার, রাজস্ব) শুভম আগরওয়াল। এর পাশাপাশি সবথেকে গুরুত্বপূর্ণ তারাপীঠ-রামপুরহাট উন্নয়ন পর্ষদের সভাপতির দায়িত্ব পাচ্ছেন অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) বুলবুল বাগচী। জানা গিয়েছে দুই পর্ষদের কার্যকরী বোর্ডে সংশ্লিষ্ট দফতরের প্রতিনিধি, পুলিশ সুপার, জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিক, মহকুমা শাসক-সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

    প্রসঙ্গত, অতীতে বিশেষত তৃণমূল আমলে এই দুই পর্ষদের নেতৃত্বে রাজনৈতিক ব্যক্তিত্বরা ছিলেন। সেই সময়ে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া, উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন ও স্বজনপোষণ নিয়ে বিভিন্ন মহলে একাধিক অভিযোগ ছিল। সেই সমস্ত কথা মাথায় রেখে এবার প্রশাসনিক আধিকারিকদের হাতে নেতৃত্ব অর্পণের মাধ্যমে দক্ষতা, জবাবদিহি ও স্বচ্ছতাকে অগ্রাধিকার দেওয়ার বার্তাই দিয়েছে রাজ্য সরকার। আর এই সিদ্ধান্তে খুশি বোলপুর এবং তারাপীঠ এলাকার সাধারণ মানুষজন।
  • Link to this news (News18 বাংলা)