রহড়া বালক আশ্রমে অনুদান, নজরুলকে সহায়তা, মুসলিম ছাত্রদের উন্নয়ন—শ্যামাপ্রসাদের ভূমিকা নিয়ে কল্যাণ চক্রবর্তী
দৈনিক স্টেটসম্যান | ০৭ জুলাই ২০২৬
এরপরই রহড়া বালক আশ্রমের সঙ্গে শ্যামাপ্রসাদের দীর্ঘ সম্পর্কের প্রসঙ্গ তুলে ধরেন মন্ত্রী। তিনি জানান, অনাথ শিশুদের খোঁজ নিতে শ্যামাপ্রসাদ নিজে রহড়া বালক আশ্রমে এসেছিলেন। সেই সময়ে তিনি আশ্রমের জন্য ২৫ হাজার টাকা—যা তখনকার দিনে অত্যন্ত বড় অঙ্ক—অনুদান দেন।
পাশাপাশি প্রয়োজনীয় সামগ্রীও তুলে দেন এবং ভবিষ্যতেও সাহায্যের প্রতিশ্রুতি দিয়ে তা রক্ষা করেন। কল্যাণ চক্রবর্তীর কথায়, শ্যামাপ্রসাদ সারাজীবন রহড়া বালক আশ্রমের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত ছিলেন। আজও প্রেমানন্দ ধামের পাশে ‘হিন্দু মহাসভাধাম’ লেখা সেই ইতিহাসের সাক্ষী হয়ে রয়েছে। তাঁর দাবি, অনাথ ছাত্রদের প্রতি শ্যামাপ্রসাদের গভীর মমত্ববোধ থাকলেও ইতিহাসের মূলধারায় সেই অধ্যায় খুব কমই উঠে এসেছে।
কাজী নজরুল ইসলামের প্রসঙ্গও তুলে ধরেন মন্ত্রী। তাঁর বক্তব্য, অসুস্থ হয়ে পড়ার পর নজরুল সাহায্যের আশায় বিভিন্ন মহলে গেলেও প্রত্যাশিত সহযোগিতা পাননি। সেই সময় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই মোটা অঙ্কের আর্থিক সাহায্য করেন এবং নিজের বাগানবাড়িতে স্বস্ত্রীক নজরুলের থাকার ব্যবস্থা করে তাঁর শারীরিক ও মানসিক সুস্থতার উদ্যোগ নেন।
কল্যাণ চক্রবর্তী দাবি করেন, দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের গৌরবময় ইতিহাস আড়ালে রাখা হয়েছিল। তবে বর্তমানে সেই ইতিহাস ও তাঁর অবদান বাংলার মানুষের সামনে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানান। তাঁর কথায়, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় শুধু একজন রাজনীতিবিদ নন, বাংলার গৌরবময় ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব।