বারুইপুর থেকে প্রতিনিধি দল ফিরতেই পথে মমতা, বিচার চেয়ে বাড়ির সামনেই মোমবাতি মিছিল
আজ তক | ০৭ জুলাই ২০২৬
বারুইপুরের নাবালিকা খুনের ঘটনায় উত্তাল রাজ্য। এই ঘটনার প্রতিবাদে এবার পথে নামলেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নিজের বাড়ির সামনে থেকেই মোমবাতি হাতে মিছিল শুরু করেন তিনি। যদিও বাড়ির গলির সামনেই মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের নেতা কর্মীদের বাধা দেয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। তবে ব্যারিকেড ভেঙে এগিয়ে যায় মিছিল।
সোমবার বিকেলে কালীঘাট রোডের মূল রাস্তায় মোমবাতি হাতে এই প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেন মমতা বন্দ্যোপাধ্যায়। ‘জাস্টিস ফর বারুইপুর’ স্লোগান তুলে আয়োজিত এই মিছিলে মমতার সঙ্গে পা মেলান দোলা সেন, ডেরেক ও'ব্রায়েন সহ কালীঘাট তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। প্রাক্তন মুখ্যমন্ত্রীর এই কর্মসূচিকে কেন্দ্র করে গোটা এলাকায় মোতায়েন করা হয় বিপুল পুলিশ, র্যাফ (RAF) এবং কেন্দ্রীয় বাহিনী। তৃণমূলের অভিযোগ, এদিনের শান্তিপূর্ণ মিছিলে বাধা দেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এবং ব্যারিকেড দিয়ে মিছিল আটকে দেওয়া হয়। ক্ষুব্ধ কর্মী-সমর্থকেরা সেই ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মিছিলে নামার ঠিক আগেই এক্স হ্যান্ডেলে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে তীব্র আক্রমণ শানায় তৃণমূল কংগ্রেস। বারুইপুরের ঘটনা নিয়ে রাজ্য বিজেপি ও মুখ্যমন্ত্রীর অবস্থানকে নিশানা করে তৃণমূল লেখে, 'মিস্টার শুভেন্দু অধিকারী, আপনি এক চরম ভণ্ড! ঠিক যেমন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাগাতার অত্যাচার চলা সত্ত্বেও মণিপুরে যাওয়ার সময় পাননি, তেমনই আপনার নজরদারিতে বারুইপুরে যে ছোট বাচ্চাকে নৃশংসভাবে ধর্ষণ ও খুন করা হল, তার পরিবারের সঙ্গে দেখা করার সময় আপনি পেলেন না।'
তবে মমতার সোমবারের এই মিছিলের প্রেক্ষাপট তৈরি হয়েছিল রবিবার রাতেই। বারুইপুর কাণ্ডের পরেই, ঘটনাস্থলে যেতে চেয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ করেছিলেন, তাঁকে হাউজ অ্যারেস্ট করে যেতে দেওয়া হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলেন রবিবার। সোমবার তৃণমূলের প্রতিনিধি দল যায় বারুইপুর। নাবালিকার পরিবারের সঙ্গে কথা বলে। ফোনে কথা বলেন খোদ মমতাও। তৃণমূল দল কলকাতায় ফিরতেই, পথে নামেন নেত্রী। স্লোগান ওঠে 'উই ওয়ান্ট জাস্টিস', 'আমার সুর, তোমার সুর, জাস্টিস ফর বারুইপুর', 'তোমার আমার একই সুর, জাস্টিস ফর বারুইপুর'।