• বারুইপুরে নাবালিকা খুনের পরে একই পুকুর থেকে আরও এক মৃতদেহ উদ্ধার, মিলল পরিচয়! কে?
    News18 বাংলা | ০৭ জুলাই ২০২৬
  • বারুইপুরের সূর্যপুর থেকে আরও একটি মৃতদেহ উদ্ধার। এখনও পর্যন্ত মৃতদেহের কোন পরিচয় পাওয়া যায়নি। যে পুকুর থেকে ওই নাবালিকার মৃতদেহ উদ্ধার হয়েছিল সেই পুকুর থেকেই এই মৃতদেহ উদ্ধার বলে দাবি স্থানীয়দের। পচাগলা মৃতদেহ উদ্ধার করেছে বারুইপুর থানার পুলিশ। তবে নাবালিকার ঘটনার সঙ্গে এর কোনও যোগ নেই বলেই এখনও পর্যন্ত পুলিশ সূত্রে খবর। বারুইপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে আসছে। স্থানীয়দের দাবি, মৃত যুবকের নাম কৃষ্ণকান্ত। তাঁর সঙ্গে কারও শত্রুতা ছিল কি না, তিনি কে, কী করতেন, কী ভাবে ওখানে গেলেন, এ সব নিয়ে খোঁজ শুরু করেছে বারুইপুর থানার পুলিশ।

    রবিবার সকালে বারুইপুরে পুকুর থেকে উদ্ধার হয় ১২ বছরের কিশোরীর দেহ। পরিবারের দাবি, কিশোরীকে ধর্ষণ করে খুন করা হয়েছে। তারপর থেকেই ওই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়েছে এলাকা। যুবককে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছে। অভিযোগ, শনিবার বিকেলে ওই যুবকের অটোতেই কিশোরীকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। তদন্তের জন্য গঠিত হয়েছে সিট (বিশেষ তদন্তকারী দল)।

    নাবালিকা খুনের তদন্তে কোনও ফাঁক রাখছে না পুলিশ৷ প্রাথমিক তদন্তে বারুইপুর থানার পুলিশের সন্দেহ শ্বাসরোধ করে খুন করা হয়েছে ওই নাবালিকাকে। ওই নাবালিকা শনিবার বিকেল ৪ টে থেকে নিখোঁজ ছিল। পরিবারের অভিযোগ, খাবার কেনার জন্যই বেরিয়েছিল ওই নাবালিকা। তারপরে চার অভিযুক্ত তাকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ। এর জেরে রবিবার সকাল থেকে উত্তপ্ত ছিল সূর্যপুর হাট এলাকা। তার মাঝেই আরও এক রহস্যমৃত্যু৷ বাড়ছে চাঞ্চল্য৷ এই ঘটনায় বারুইপুর থানায় মোট তিনটি মামলা রুজু হয়েছে। এক, নাবালিকার খুনের মামলা, দুই, পুলিশের উপর হামলা, তিন, পিটিয়ে মারার ঘটনায় মামলা। তদন্তের জন্য ছয় সদস্যের সিট গঠন করা হয়েছে।
  • Link to this news (News18 বাংলা)