• ভারতীয় জনসঙ্ঘই আজ ভারতীয় জনতা পার্টির রূপে জনসেবা করছে: মোদী
    এই সময় | ০৭ জুলাই ২০২৬
  • শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিবস উপলক্ষে তাঁর জীবন ও কাজের সঙ্গে বিজেপি সরকারের ভাবনা ও পদক্ষেপ মেলালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন নিয়ে কথা বলতে গিয়ে পদে পদে বাংলা শোনা গেল প্রধানমন্ত্রীর মুখে। ২০ জুন পশ্চিমবঙ্গ দিবসের আয়োজন হয়েছিল। তার পরে ৬ জুলাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন পালন করা হচ্ছে। এই অনুষ্ঠান নিজেদের ঐতিহ্যের প্রতি সম্মান বলে মন্তব্য প্রধানমন্ত্রীর। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘যেটা ভারতীয় জনসঙ্ঘ ছিল, সেটা আজ ভারতীয় জনতা পার্টির রূপে বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক শক্তি হয়ে জনসেবা করছে।’

    শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন, তাঁর রাজনৈতিক কর্মকাণ্ড ঘুরেফিরে এসেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে। সময়ের সঙ্গে সঙ্গে কিছু কিছু বিচারধারার আকর্ষণ হারিয়ে যায়। কিন্তু শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এমন একটি আর্দশের বীজ রোপণ করেছিলেন, সেটা আজও রয়েছে বলে সোমবার জানান প্রধানমন্ত্রী। ভারতীয় জনসঙ্ঘ তৈরি করেছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। প্রধানমন্ত্রী বলেন, ‘ভারতীয় জনসঙ্ঘ আজ সেই রূপে না থাকলেও, সেই প্রদীপের আলো আজ কোটি কোটি দেশবাসীর মনের প্রকাশ হয়ে রয়েছে।’

    যখন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় জনসঙ্ঘ তৈরি করেছিলেন, সেই সময়ে বহু প্রতিবন্ধকতা উপেক্ষা করে তিনি সেই কাজ করছিলেন বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, যখন জনসঙ্ঘ তৈরি হয়েছিল, তখন চারিদিকে কংগ্রেসকেই দেখা যেত। এমন সময়ে অন্য বিচারধারার কোনও জায়গা ছিল না। তখন সব পরিস্থিতির সঙ্গে লড়াই করে অন্য একটি বিচারধারা শুরুর সাহস দেখিয়েছিলেন।

    ১৯৪৭-এ দেশভাগের সময়ে পশ্চিমবঙ্গকে ভারতে রাখার জন্য শ্যামাপ্রসাদের লড়াইয়ের প্রসঙ্গ তোলেন নরেন্দ্র মোদী। ‘কংগ্রেস দেশভাগ করেছে। আমি পাকিস্তানকে ভাগ করেছি’---শ্যামাপ্রসাদের এই বক্তব্য উত্থাপন করে প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘আজকের পরিস্থিতি দেখে শ্যামাপ্রসাদের এই বক্তব্যের শক্তি বোঝা যায়।’

    ‘এক ভারত, শ্রেষ্ঠ ভারত’-এর স্বপ্ন ছিল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের, মন্তব্য মোদীর। ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্ন সফল করা হয়েছে বলেও জানান তিনি।

    চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস, সিন্ধ্রি ফার্টিলাইজ়ার প্ল্যান্ট, দামোদর ভ্যালি কর্পোরেশন, ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কর্পোরেশন অফ ইন্ডিয়া-র প্রসঙ্গ তুলে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদানের কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর মতে, শিল্প থেকে শিক্ষা প্রতিষ্ঠান সবকিছুই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কাছে রাষ্ট্র নির্মাণের জায়গা। তিনি বলেন, ‘শ্যামাপ্রসাদের কাজ ও ভাবনাই বিকশিত ভারতের প্রেরণা। সেই কারণেই বিকশিত ভারতের সংকল্প নিয়ে দেশকে আত্মনির্ভর বানানোর ডাক দিলেন প্রধানমন্ত্রীর।

  • Link to this news (এই সময়)