• প্রসেনজিতের বাড়িতে অমিত শাহ, লকেট জানালেন, ‘সৌজন্য সাক্ষাৎ’
    এই সময় | ০৬ জুলাই ২০২৬
  • শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ তম জন্মজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার ইকো পার্কে শ্যামাপ্রসাদের মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখান থেকে চলে যান ভবানীপুরে শ্যামাপ্রসাদের পৈতৃক বাড়িতে। সেখানে শ্রদ্ধাজ্ঞাপনের পরে তিনি বালিগঞ্জে তারকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে যান। প্রায় মিনিট পনেরো সেখানে ছিলেন তিনি। সঙ্গে ছিলেন লকেট চট্টোপাধ্যায় ও নিশীথ প্রামাণিক। এই সাক্ষাৎ একেবারেই সৌজন্যের, জানিয়েছেন লকেট।

    এ দিন প্রসেনজিতের বাড়ি থেকে বেরিয়ে লকেট সংবাদমাধ্যমে বলেন, ‘আমাদের সকলের প্রিয় অভিনেতা বুম্বাদা। তাঁর সঙ্গে সিনেমা নিয়ে আলোচনা হলো। এটা একেবারেই সৌজন্য সাক্ষাৎ।’ যে দিন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় পদ্মশ্রী পুরস্কার পান, অমিত শাহকে আমন্ত্রণ জানিয়েছিলেন যে, কলকাতায় এলে যেন তাঁর বাড়ি ‘উৎসব’-এ আসেন।

    শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ ফুট উচ্চতার মূর্তি স্থাপন করা হবে নিউ টাউনের ইকো পার্কে। তারই ভূমিপুজো হয় এ দিন। সেখানে ছিলেন শাহ। ভূমিপুজোর পরে ভবানীপুরে আশুতোষ মুখার্জি রোডে শ্যামাপ্রসাদের পৈতৃক বাসভবনে গিয়ে তাঁর মূর্তিতে মাল্যদান করেন। সেখান থেকেই যান প্রসেনজিতের বাড়িতে।

    এর পরে বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ তম জন্মজয়ন্তী স্মরণোৎসব অনুষ্ঠানে যোগ দেন তিনি।

  • Link to this news (এই সময়)