• শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে পতাকা উত্তোলনের সময়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু
    এই সময় | ০৬ জুলাই ২০২৬
  • শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে পতাকা উত্তোলনের সময়ে মর্মান্তিক দুর্ঘটনা। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো বিজেপি-র এক কর্মীর। ঘটনায় আহত হয়েছেন বিজেপির মণ্ডল সভাপতি-সহ তিন জন। পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর বিধানসভা এলাকায় সোমবারের ঘটনা।

    পুলিশ এবং বিজেপি সূত্রে খবর, এই ঘটনা ঘটেছে কেশপুরের আনন্দপুর থানার বুড়াপাট পাঁচখুরি এলাকায়। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন পালনের জন্য দলীয় পতাকা উত্তোলন করা হচ্ছিল। সেই সময়েই বিদ্যুৎস্পৃষ্ট হন পাপাই পান (২৬)। কেশপুর তিন নম্বর মণ্ডলের ওই বিজেপি নেতাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা করা হয়।

    কেশপুর এলাকার বিজেপি নেতা তন্ময় ঘোষ জানিয়েছেন, সোমবার সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে বুড়াপাট পাঁচখুরিতে দলীয় কার্যালয়ের সামনে পতাকা উত্তোলনের প্রস্তুতি চলছিল। পতাকা তোলার জন্য একটি লম্বা লোহার পাইপ ব্যবহার করা হচ্ছিল। সেই সময় অসাবধানতাবশত পাইপটি পাশ দিয়ে যাওয়া হাইটেনশন বিদ্যুতের তারে স্পর্শ করে। মুহূর্তের মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হন সেখানে উপস্থিত চার জন বিজেপি কর্মী। সঙ্গে সঙ্গে তাঁদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে।

    ওই ঘটনায় আহত হয়েছেন বিজেপির কেশপুর ১ মণ্ডলের সভাপতি প্রবীণ হালদার, সুশান্ত দাস এবং কালীপদ সিংহ। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাঁরা। দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখছে পুলিশ।

    অন্য দিকে, কলকাতার মতো এ দিন জেলায় জেলায় পালিত হয় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী। এই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি জানানো হয় পশ্চিম মেদিনীপুর জেলা বিজেপির তরফেও। এ দিন মেদিনীপুর শহরের ৯ নম্বর ওয়ার্ডের ধর্মায় বিজেপি কার্যালয়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। মেদিনীপুরের বিধায়ক শংকর গুছাইত ছাড়াও বিজেপির নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের চিন্তাধারা,তার রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয় সেখানে।

  • Link to this news (এই সময়)