• পহেলগাম হত্যাকাণ্ডে মাস্টারমাইন্ড লস্কর-ই-তৈবার প্রধান হাফিজ় সইদ, চার্জশিট জমা দিয়ে জানাল NIA
    এই সময় | ০৬ জুলাই ২০২৬
  • পহেলগাম হত্যাকাণ্ডে লস্কর-ই-তৈবার যুক্ত থাকার অভিযোগ উঠেছিল আগেই। এ বার চার্জশিটে এই হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড হিসেবে লস্কর-ই-তৈবার প্রধান হাফিজ় সইদ-এর নাম উল্লেখ করল NIA। সোমবার, জম্মুতে এনআইয়ের বিশেষ আদালতে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিয়েছে এনআইএ। এই অতিরিক্ত চার্জশিটেই হাফিজ় সইদের প্রতিষ্ঠিত জঙ্গি সংগঠন লস্কর-ই- তৈবা ও তার শাখা সংগঠন দ্য রেজ়িস্ট্যান্ট ফ্রন্ট (The Resistance Front)-কে প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে ব্যবহার করার অভিযোগ আনা হয়েছে।

    উল্লেখ্য, জম্মু-কাশ্মীরের পহেলগামে ২০২৫ সালের ২২ এপ্রিল পর্যটকদের উপর ভয়াবহ হামলা চালায় জঙ্গিরা। নিহত হন ২৬ জন। ওই হামলার পরেই অপারেশন সিঁদুর অভিযান চালিয়ে পাকিস্তানের মাটিতে থাকা একাধিক জঙ্গি ঘাঁটি উড়িয়ে দেয় ভারতীয় সেনা। পাশাপাশি, ওই হামলার ঘটনার তদন্তভার দেওয়া হয় NIA-কে। তখনই হামলার সঙ্গে লস্কর-ই-তৈবার যুক্ত থাকার অভিযোগ ওঠে।

    এর আগে, গত বছরের ১৫ ডিসেম্বর মাসে প্রথম চার্জশিট জমা দেয় এনআইএ। ওই চার্জশিটে পাকিস্তান এবং জম্মু-কাশ্মীরের জঙ্গিদের নাম উল্লেখ করাও হয়। ১৫৯৭ পাতার ওই মূল চার্জশিটের সঙ্গেই পহেলগাম হামলার পিছনে পাকিস্তানের চক্রান্ত এবং হাফিজ় সইদ-এর ভূমিকার কথা উল্লেখ করা হয়। সেই সঙ্গে মূল ষড়যন্ত্রকারীদের নিয়ে আরও তদন্ত চলছে বলে জানানো হয়।

    ওই চার্জশিটেই পাকিস্তানি হ্যান্ডলার ও জঙ্গি সাজিদ জাটকে অভিযুক্ত করেছিল এনআইএ। সেই সঙ্গে ‘অপারেশন মহাদেব’-এর সময় নিরাপত্তা বাহিনীর হাতে নিহত তিন জঙ্গি এবং গ্রেপ্তার হওয়া দু’জনকেও এতে অভিযুক্ত করা হয়েছিল। এছাড়া, পহেলগামে জঙ্গি হামলার (Pahalgam terror attack) পরিকল্পনা, সহায়তা ও বাস্তবায়নে ভূমিকার জন্য নিষিদ্ধ বলে ঘোষিত জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবা (Lashkar-e-Taiba) ও দ্য রেজ়িস্ট্যান্ট ফ্রন্ট -কেও এই মামলায় অভিযুক্ত করা হয়।

    সোমাবার, জম্মুতে এনআইয়ের বিশেষ আদালতে পেশ করা অতিরিক্ত চার্জশিটে এই জাতীয় তদন্তকারী সংস্থা হাফিজ় সইদের নাম উল্লেখ করেছে। পাকিস্তানে বসে হাফিজ় সইদ পহেলগাম হত্যাকাণ্ডের পরিকল্পনা করেন বলে উল্লেখ করা হয়েছে।

    অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সহিংতা ছাড়াও ইউএপিএ-র একাধিক ধারা যুক্ত করা হয়েছে বলেও বিবৃতি দিয়ে জানিয়েছে এই জাতীয় তদন্তকারী সংস্থা।

  • Link to this news (এই সময়)