বিপদের সময়েও যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, দুর্ভোগ ঘোঁচাতে দাবি স্থায়ী সেতুর
News18 বাংলা | ০৬ জুলাই ২০২৬
সুন্দরবনের প্রান্তিক এলাকায় দীর্ঘদিনের দাবি সেতুর। নতুন সরকার আসার পর জোরালো হচ্ছে সেই দাবি। সুন্দরবনের প্রত্যন্ত হিঙ্গলগঞ্জ এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি, হিঙ্গলগঞ্জের গৌড়েশ্বর নদীর ওপর একটি স্থায়ী সেতু নির্মাণ করা হোক। বাইলানি, বিশপুর ও মামুদপুর এলাকার মধ্যে সরাসরি যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে এই সেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন স্থানীয় মানুষ।
বর্তমানে নদী পারাপারের জন্য নৌকার ওপর নির্ভর করতে হয় এলাকাবাসীকে। বর্ষাকাল কিংবা প্রতিকূল আবহাওয়ায় যাতায়াত আরও কঠিন হয়ে পড়ে। স্কুল-কলেজের পড়ুয়া, রোগী, কর্মজীবী মানুষসহ সকলকেই প্রতিদিন নানা সমস্যার মুখোমুখি হতে হয়। স্থানীয়দের দাবি, গৌড়েশ্বর নদীর ওপর একটি সেতু নির্মিত হলে প্রত্যন্ত সুন্দরবন এলাকার একাধিক গ্রামের মধ্যে যোগাযোগ অনেক সহজ হবে।
পাশাপাশি স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা, ব্যবসা-বাণিজ্য এবং জরুরি পরিষেবার ক্ষেত্রেও উল্লেখযোগ্য উন্নতি ঘটবে। এলাকাবাসীর একাংশের বক্তব্য, বহু বছর ধরেই এই সেতুর দাবি জানানো হলেও তা এখনও বাস্তবায়িত হয়নি। ফলে সাধারণ মানুষের ভোগান্তি আগের মতোই রয়ে গিয়েছে। রাজ্যে নতুন সরকার গঠনের পর এই দাবি আরও জোরালোভাবে সামনে আসতে শুরু করেছে।
তাদের আশা, নতুন প্রশাসন বিষয়টির গুরুত্ব বিবেচনা করে দ্রুত সেতু নির্মাণের উদ্যোগ নেবে। এলাকাবাসীর মতে, সুন্দরবনের মতো দুর্গম অঞ্চলের উন্নয়নের জন্য উন্নত যোগাযোগ ব্যবস্থা অপরিহার্য। তাই গৌড়েশ্বর নদীর উপর সেতু নির্মাণ আর বিলম্ব না করে দ্রুত প্রকল্পটি বাস্তবায়নের দাবি জানিয়েছেন তারা। এ বিষয়ে হিঙ্গলগঞ্জের বিধায়িকা রেখা পাত্র জানান, সুন্দরবন মন্ত্রীকে এ বিষয়ে জানিয়ে তাকে নদীপত্র জমা দিয়েছি। আশা করি আগামী দিনে কাজ হবে।