বর্ষার জলে মাথাচাড়া দিচ্ছে ডেঙ্গি। আর সেজন্য ডেঙ্গি রোধে একাধিক ব্যবস্থা নেওয়া হচ্ছে দক্ষিণ ২৪ পরগনা জেলায়। দক্ষিণ ২৪ পরগনা স্বাস্থ্যজেলায় চলতি বছরে জুন মাস পর্যন্ত শতাধিক মানুষ আক্রান্ত হয়েছেন। তাদের হাসপাতালে যথাযথ চিকিৎসা দেওয়া হয়েছে। বর্ষার জমা জল যাতে কোথাও না জমে সেই দিকটি দেখতে বলা হয়েছে।
২০২৩ থেকে ২০২৫ সালে বছরের প্রথম ছয় মাসে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৮০ র মধ্যে ছিল। এবছর কিছুটা বেড়েছে। তবে তাদের সঠিক চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে। অপরিষ্কার ড্রেন, জমা জল ও ঠিক মত জঞ্জাল সাফাই না হলে ডেঙ্গি জন্মাতে পারে। ফলে বিষয়টির দিকে নজর দেওয়া হচ্ছে। ইতিমধ্যে ডেঙ্গুর মশা বাড়ছে বিভিন্ন জায়গায়। তার ফলেই এলাকাবাসীরা এই মশাবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন।
পঞ্চায়েত ও পুরসভা এলাকায় তাই জঞ্জাল সাফাইয়ের ওপর বাড়তি জোর দেওয়া হয়েছে। জানা গিয়েছে, ডেঙ্গুতে সব থেকে বেশি মানুষ আক্রান্ত হয়েছে ভাঙড়ে। এখানকার দুটি ব্লক মিলিয়ে প্রায় পঞ্চাশটি কেস পাওয়া গিয়েছে। এছাড়াও বিষ্ণুপুরেও সামান্য বেড়েছে এই রোগের প্রকোপ। জেলা স্বাস্থ্যবিভাগ থেকে বারেবারে সংশ্লিষ্ট পঞ্চায়েত ও পুরসভাকে এই ব্যাপারে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।