• ক্যাফের পাশের হাঁটু-জলে উল্টো হয়ে ভাসছে অজ্ঞাতপরিচয় মহিলার দেহ, অশোকনগরে শোরগোল
    News18 বাংলা | ০৬ জুলাই ২০২৬
  • রাস্তার পাশ থেকেই এভাবে উদ্ধার হল মহিলার দেহ, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য খুনের পিছনে কী রহস্য! গোটা ঘটনা তদন্তে নেমেছে পুলিশ। অশোকনগরে ক্যাফের পাশে জলাশয় থেকে উদ্ধার অজ্ঞাতপরিচয় মহিলার দেহ, আর তাতেই চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। চাষের জমির হাঁটু-জল থাকা একটি জলাশয় থেকে অজ্ঞাতপরিচয় ওই মহিলার দেহ উদ্ধার হয়।

    সোমবার সকালে অশোকনগর থানার অন্তর্গত গুমা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের তাজপুর এলাকার রাস্তার ধারে ওই জলাশয় থেকে মহিলার দেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকালে এলাকাবাসীরা জলাশয়ের মধ্যে একটি দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে অশোকনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য দেহ অশোকনগর হাসপাতালে পাঠানো হয়।

    পুলিশ সূত্রে খবর, এখনও পর্যন্ত মৃত মহিলার পরিচয় জানা যায়নি। স্থানীয়দের অনুমান, মহিলার বয়স আনুমানিক ৩০ থেকে ৩২ বছর। দেহটি উল্টো অবস্থায় জলাশয়ের মধ্যে পড়ে ছিল। দেহের অবস্থা দেখে অনেকেরই ধারণা, কয়েক দিন আগেই তাঁর মৃত্যু হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নানা জল্পনা তৈরি হয়েছে। স্থানীয়দের একাংশের দাবি, মহিলাকে অন্য কোথাও খুন করে দেহ এনে ওই নির্জন স্থানে ফেলে রাখা হয়ে থাকতে পারে। ইতিমধ্যেই অশোকনগর থানার পক্ষ থেকে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।

    পুলিশ মৃতার পরিচয় জানার পাশাপাশি, মৃত্যুর প্রকৃত কারণ খতিয়ে দেখছে। তদন্তকারীদের মতে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর কারণ এবং ঘটনার প্রকৃত রহস্য সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। বর্তমানে গোটা ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে কী খুনের আগে করা হয়েছিল ধর্ষণ! উঠছে এমন প্রশ্নও। স্থানীয়দের বক্তব্য, সকালে ওই এলাকা দিয়ে যাওয়ার সময় চোখে পড়ে জলাশয়ে পড়ে রয়েছে তরুণীর দেহ। উল্টো অবস্থাতে পড়েছিল। ওই রাস্তার পাশেই রয়েছে একটি ক্যাফে, তবে জায়গাটি নির্জন হওয়ায় রাতের তেমন ভাবে মানুষজন যাতায়াত করে না। এই সুযোগকে কাজে লাগিয়েই, দুষ্কৃতীরা খুন করে প্রমাণ লোপাট এর জন্য দেহ এখানে ফেলে রেখে গিয়ে থাকতে পারে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
  • Link to this news (News18 বাংলা)