• অশোকনগর থেকে এ মাসেই তেল উত্তোলন? জোর কদমে চলছে ONGC-র কাজ
    এই সময় | ০৫ জুলাই ২০২৬
  • সৌমেন রায়চৌধুরী

    অশোকনগরে বাণিজ্যিক ভাবে খনিজ তেল উত্তোলন করবে ONGC। তারই দিন গোনা শুরু। সূত্রের খবর, সব ঠিকঠাক থাকলে চলতি মাস থেকেই উত্তর ২৪ পরগনার অশোকনগরে বাইগাছি প্ল্যান্টে বাণিজ্যিক ভাবে খনিজ তেলের উত্তোলনের কাজ শুরু হতে পারে। বহুদিন ধরেই এই তেল উত্তোলন নিয়ে আলোচনা চলছিল। এ বার সেই আলোচনা বাস্তবের মাটি ছুঁতে চলেছে। ONGC সূত্রে খবর, পরবর্তীকালে প্রাকৃতিক গ্যাসেরও বাণিজ্যিক উত্তোলনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এই তেল উত্তোলন শুরু হলে দেশের মানচিত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে অশোকনগর।

    সূত্রের খবর, অশোকনগরে মোট সাতটি কূপ খনন করা হয়েছে। প্রথম পর্যায়ে বাইগাছি কেন্দ্রের একটি কূপ থেকে চলতি মাসে তেল উৎপাদন শুরু হতে পারে। অশোকনগর বিধানসভা এলাকার ভুরকুণ্ডা, দৌলতপুর-সহ বাকি খনিজ তেলের কূপগুলিতেও কাজ চলছে। পরবর্তীতে সেখান থেকেও তেল তোলা হবে।

    সূত্র মারফত জানা গিয়েছে, বাইগাছিতে যে কূপের কাজ চলছে, ২ হাজার ৪৫০ মিটার পর্যন্ত খনন করা হবে। ইতিমধ্যেই ২ হাজার মিটারের বেশি খননকাজ হয়ে গিয়েছে। জোর কদমে চলছে ড্রিলিংয়ের কাজ। অত্যাধুনিক অয়েল ড্রিলিং রিগ। মাটির কঠিন অংশ ভেদ করে খননের কাজ করা হচ্ছে। এর সাহায্যে মাটির গভীরে কয়েকশো থেকে কয়েক হাজার মিটার পর্যন্ত কূপ খনন করা হয়। কাজ করছে ড্রিল বিটও। ড্রিলিং রিগের নীচে লাগানো শক্ত ধাতব বা হীরার তৈরি কাটার, যা পাথর ও মাটি ভেদ করে। এর পরে ব্যবহার করা হবে কূপ থেকে নিয়মিত তেল তোলার জন্য পাম্পজ্যাক।

    দীর্ঘদিন ধরে আইনি জটিলতার কারণে এই প্রকল্প বাস্তবায়িত হতে পারেনি। তৎকালীন সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে বহুবার। তবে রাজ্যে পালাবদলের পরে ONGC-র এই প্রকল্পে গতি বাড়ছে। সংসদে এ নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। সংসদে বিষয়টি বার বার উত্থাপন করার পাশাপাশি কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরির সঙ্গেও ধারাবাহিক ভাবে যোগাযোগ রেখে প্রকল্পটি এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছেন। ONGC এই প্রকল্পে প্রায় এক সহযোগী তেল সংস্থা মিলে এক হাজার কোটি টাকা লগ্নি করেছে।

    ২০২০ সালের সেপ্টেম্বরে অশোকনগরের এই বাইগাছি কেন্দ্রের কূপ থেকে প্রায় ৩৭৫ ব্যারল অপরিশোধিত তেল উত্তোলন করা হয়েছে, যার গুণমান ভারতের সবচেয়ে বেশি তেল উৎপাদনকারী মুম্বই হাই ফিল্ডের থেকেও ভালো।

    বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য জানান, ২০১৮ সাল থেকে প্রক্রিয়া শুরু হয়েছে। তৎকালীন রাজ্য সরকার কোনও ভাবেই পেট্রোলিয়াম মাইনিং লিজ় বা PML-এর উদ্যোগ নেয়নি। তাতে কাজ কিছুটা গতি হারায়। অবশেষে গত বাজেটে চন্দ্রিমা ভট্টাচার্য PML-এর কথা ঘোষণা করেছেন। এর মধ্যেই ONGC-র তরফে ১ হাজার কোটি টাকা ইনভেস্ট করা হয়েছে। ফলে এখান থেকে বিপুল পরিমাণ রাজস্ব রাজ্য সরকার পাবে। এই এলাকার আর্থসামাজিক পরিস্থিতিও পরিবর্তন হবে। বিগত সরকার যদি প্রকল্পটি নিয়ে আরও আন্তরিক হতো, তা হলে পশ্চিমবঙ্গের অনেক সমস্যার সমাধান হতো।

    ONGC প্রকল্প এলাকায় প্রায় কোটি টাকা ব্যয়ে উঁচু পাঁচিলও তোলা হয়েছে। রাস্তাঘাটও ভালো করা হয়েছে সংলগ্ন এলাকার। আগামিদিনে তেল উত্তোলন শুরু হলে ট্যাঙ্কারে তা শোধনাগারে নিয়ে যাওয়া হবে। ফলে এই জায়গা আরও জমজমাট হয়ে উঠবে। উন্নত হবে যোগাযোগ ব্যবস্থা। বাড়বে আলো, ঝকঝকে হবে রাস্তাঘাট। পরবর্তীতে নিরাপত্তার কথা মাথায় রেখে নিরাপত্তা ব্যবস্থাও আরও উন্নত করা হতে পারে।

  • Link to this news (এই সময়)