• সেবাশ্রয় ক্যাম্পে হত 'থিমের লড়াই', অভিষেকের মন জয়েই কোটি টাকার সাজ, অভিযোগ ডায়মন্ড হারবারে
    News18 বাংলা | ০৫ জুলাই ২০২৬
  • ডায়মন্ড হারবার লোকসভা এলাকায় অনুষ্ঠিত সেবাশ্রয় ক্যাম্পকে কেন্দ্র করে ‘থিমের প্রতিযোগিতা’ চলত বলে অভিযোগ তুলেছেন এলাকার বাসিন্দারা।

    তাঁদের দাবি, বিভিন্ন বিধানসভায় আকর্ষণীয় থিমের মডেল ক্যাম্প তৈরির ক্ষেত্রে নেতাদের মধ্যে এক প্রকার প্রতিযোগিতা ছিল। যে নেতা যত বড় ও নজরকাড়া ক্যাম্প তৈরি করতেন, তিনি ততই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হওয়ার সুযোগ পেতেন বলেও অভিযোগ।

    অভিযোগ, ফলতা বিধানসভায় কলকাতা মেডিকেল কলেজের আদলে সেবাশ্রয় ক্যাম্প তৈরি করা হয়েছিল। ডায়মন্ড হারবার বিধানসভায় বেসরকারি মেডিকেল কলেজের আদলে দোতলা ক্যাম্প নির্মাণ করা হয়। এই ভাবেই ডায়মন্ড হারবার লোকসভার প্রতিটি বিধানসভায় আলাদা আলাদা থিমের মডেল ক্যাম্প গড়ে তোলা হয়েছিল।

    স্থানীয়দের আরও অভিযোগ, এই ক্যাম্প তৈরির জন্য খেলার মাঠ ব্যবহার করা হতো, ফলে সাধারণ মানুষের অসুবিধা তৈরি হয়। পাশাপাশি কোটি কোটি টাকা ব্যয়ে এই ক্যাম্প নির্মাণ করা হয়েছে বলেও তাঁদের দাবি। এলাকার বাসিন্দাদের অভিযোগ, তোলাবাজির টাকায় এই মডেল ক্যাম্প তৈরি করা হতো।

    মুখ্যমন্ত্রীর কথায়, ‘‘অভিযোগ এসেছে আমি শুনেছি। জেলা পুলিশ সুপার তদন্ত করবেন। এটা ক্রাইম। পুলিশ দেখছে। তদন্তে পুলিশকে যা সহযোগিতা করার স্বাস্থ্য দফতর, জেলাশাসকরা করবেন।’’

    জোকায় ভারত সেবাশ্রম সংঘের হাসপাতালের অনুষ্ঠান শেষে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়, স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার ও জেলা প্রশাসনের কর্তাদের পাশে নিয়ে বুধবার সন্ধ্যাবেলা সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রীর সেবাশ্রয় অনিয়মের অভিযোগ প্রসঙ্গে স্পষ্ট বার্তা, ‘‘আইন অনুযায়ী ব্যবস্থা হবে। ক্রাইম হলে ভারতীয় ন্যায় সংহিতাতে যা করার তাই করা হবে।’’
  • Link to this news (News18 বাংলা)