জাতীয় সড়কে সাঁই সাঁই করে ছুটবে পরিবেশবান্ধব সরকারি বাস, শিল্পাঞ্চলকে বড় উপহার SBSTC'র
News18 বাংলা | ০৫ জুলাই ২০২৬
জানা গিয়েছে, আগামী কয়েকদিনের মধ্যেই এই বাসগুলি আসানসোল ও দুর্গাপুর শিল্পাঞ্চলে যাত্রী পরিষেবা দেওয়া শুরু করবে। রেল এবং খনি সমৃদ্ধ এই অঞ্চলের প্রধান লাইফলাইন ১৯ নম্বর জাতীয় সড়ক। সাধারণ মানুষের যাতায়াত আরও সহজ করতে এই ১৯ নম্বর জাতীয় সড়ক দিয়েই দুর্গাপুর ও আসানসোল রুটে চালানো হবে নতুন বাসগুলি। এর আগে ২০২৫ সালে পরীক্ষামূলকভাবে দুর্গাপুর স্টেশন, সিটি সেন্টার এবং স্টিল টাউনশিপের মতো গুরুত্বপূর্ণ রুটগুলিতে ২টি ইলেকট্রিক টাউন সার্ভিস বাস চালু করেছিল এসবএসটিসি।
সেই পরিষেবার অভাবনীয় সাফল্যের পরে এবার বাসের সংখ্যা আরও একধাক্কায় বাড়িয়ে দেওয়া হল। আসানসোল শহরে যাতে এই বাসগুলি চার্জিংয়ের কোনও সমস্যায় না পড়ে, তার জন্য সেখানকার মূল ডিপোতেই একটি আধুনিক চার্জিং স্টেশন তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও আগামীদিনে বর্ধমান ও বাঁকুড়া জেলাতেও এই ইলেকট্রিক বাস পরিষেবা শুরু করা হবে বলে জানিয়েছেন এসবিএসটিসি কর্তৃপক্ষ।
পরিবহণ বিশেষজ্ঞদের মতে, ক্রমাগত বাড়তে থাকা ডিজেল বা সিএনজির খরচে রাশ টানতে এই বিদ্যুৎচালিত বাসগুলি গেমচেঞ্জার প্রমাণিত হতে পারে। প্রথমত, এই বাসগুলি সম্পূর্ণ পরিবেশবান্ধব হওয়ায় বিষাক্ত ধোঁয়া নির্গমনের কোনও আশঙ্কাই থাকবে না। যা শিল্পাঞ্চলের বাতাসে দূষণের মাত্রা রুখতে সহায়তা করবে। ফলে খুব শীঘ্রই এই নতুন এসি ইলেকট্রিক বাসে যাতায়াতের সুযোগ পাবেন মানুষ।