• রাজপরিবারের পছন্দের দাওয়াই এবার প্রকাশ্যে, লন্ডন পার্লামেন্টে বড় সম্মান পেলেন বাংলার চিকিৎসক
    News18 বাংলা | ০৫ জুলাই ২০২৬
  • আন্তর্জাতিক মঞ্চে ফের উজ্জ্বল হল বাংলার নাম। চিকিৎসা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য লন্ডনের হাউস অফ কমন্সে (লন্ডন পার্লামেন্ট) মর্যাদাপূর্ণ ‘বেঙ্গল ব্রিটিশ আইকন অ্যাওয়ার্ড’-এ ভূষিত হলেন বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক ডাঃ চিন্ময় রায়। এই খবর রানাঘাটে পৌঁছাতেই খুশির হাওয়া ছড়িয়ে পড়েছে এলাকায়। মূলত রানাঘাটের বাসিন্দা ডাঃ চিন্ময় রায় বর্তমানে কলকাতায় সুনামের সঙ্গে চিকিৎসা করলেও নিজের মাটিকে ভোলেননি। প্রতি সপ্তাহে তিনি রানাঘাটে এসে এলাকার রোগীদের পরিষেবা দিয়ে থাকেন।

    লন্ডন পার্লামেন্ট থেকে এমন একটি আন্তর্জাতিক সম্মান পেয়ে আপ্লুত এই চিকিৎসক। তিনি এই সাফল্যের কৃতিত্ব দিয়েছেন রানাঘাটবাসী এবং তাঁর অনুগামীদের। এক সাক্ষাৎকারে তিনি বলেন, “লন্ডন পার্লামেন্ট থেকে এই পুরস্কার পাওয়া যেমন আমার ব্যক্তিগতভাবে অত্যন্ত গর্বের বিষয়, তেমনই হোমিওপ্যাথি জগতের সমস্ত চিকিৎসকদের জন্যও এটি একটি বড় সম্মানের জায়গা। এই পুরস্কার পাওয়ার পিছনে রানাঘাটবাসীর অনুপ্রেরণা ও ভালবাসা জড়িয়ে রয়েছে।” পুরস্কার গ্রহণের পাশাপাশি লন্ডনে আয়োজিত সামার উৎসবেও ডাঃ রায়কে বিশেষভাবে আমন্ত্রণ জানিয়ে সম্মানিত করা হয়।

    সেখানে প্রবাসী ভারতীয়, বাংলাদেশি ও স্থানীয় বিশিষ্ট নাগরিকদের উপস্থিতিতে ওয়েম্বলি শহরে এক নৈশভোজে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়। সেখানকার মেয়রের কাছ থেকেও সম্মাননা পান তিনি। ইউরোপে হোমিওপ্যাথির প্রসার সম্পর্কে ডাঃ চিন্ময় রায় এক গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা ভাগ করে নেন। তিনি জানান, আমাদের দেশে হোমিওপ্যাথিকে অল্টারনেটিভ বা বিকল্প চিকিৎসা ভাবা হলেও, বিদেশে, বিশেষ করে ব্রিটিশ রাজপরিবারে এই চিকিৎসা পদ্ধতির গুরুত্ব অপরিসীম। রাজপরিবারের সদস্যরা অন্য কোনও ওষুধ না খেয়ে প্রথম পছন্দ হিসেবে হোমিওপ্যাথিকেই বেছে নেন।

    নতুন প্রজন্মের চিকিৎসকদের উদ্দেশ্যে বার্তা দিয়ে তিনি বলেন, বিশ্বজুড়ে হোমিওপ্যাথির গ্রহণযোগ্যতা ও সম্মান দিন দিন বাড়ছে, কারণ এই চিকিৎসায় কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই। সামান্য সমস্যাতেই কড়া কড়া অ্যালোপ্যাথি ওষুধ না খেয়ে হোমিওপ্যাথি চিকিৎসার ওপর ভরসা রাখার অনুরোধ জানান তিনি। চিকিৎসক হিসেবে ডাঃ রায়ের এই বিশ্বজয় আগামী দিনে নতুন প্রজন্মের চিকিৎসকদের আরও বেশি অনুপ্রেরণা জোগাবে। তাঁর এই অনন্য কৃতিত্বে রানাঘাটসহ সমগ্র রাজ্য আজ গর্বিত।
  • Link to this news (News18 বাংলা)