• পালাবদলে বেড়েছে শ্যামাপ্রসাদের মূর্তির চাহিদা! জন্মদিনের আগে হিমশিম খাচ্ছেন শিল্পী
    প্রতিদিন | ০৫ জুলাই ২০২৬
  • আগামীকাল ৬ জুলাই ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন। এই বিশেষ দিনটিকে সামনে রেখে রাজ্যজুড়ে গেরুয়া শিবিরের পক্ষ থেকে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আর এই উৎসবের আবহে আচমকাই বিপুল চাহিদা বেড়েছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির। কিন্তু শেষ মুহূর্তে আসা মূর্তির এই পাহাড়প্রমাণ অর্ডারের জোগান দিতে গিয়ে এখন কালঘাম ছুটছে পশ্চিম বর্ধমানের জামুড়িয়া বিধানসভার প্রত্যন্ত ডোবরানা গ্রামের ভাস্কর ভীম পালের। এখন কার্যত নাওয়া-খাওয়ার সময় নেই শিল্পীর। কলকাতা, বীরভূম থেকে শুরু করে দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় কিংবা বারাবনির বিধায়ক অরিজিৎ রায়ের মতো হেভিওয়েট বিজেপি নেতারা এই মূর্তিগুলির বরাত দিয়েছেন। সব মিলিয়ে আগামী এক মাসের মধ্যে প্রায় ১৫ থেকে ২০টি মূর্তি তৈরি করতে হবে শিল্পীকে।

    ​তবে এই বিপুল চাহিদার মাঝেও শিল্পী ভীম পালের প্রধান প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে সময়। শিল্পী জানিয়েছেন, মূর্তির প্রচুর বরাত আসছে , কিন্তু অধিকাংশ নেতাই এক সপ্তাহ বা মাত্র দু-তিন দিন আগে ফোন করে মূর্তি চাইছেন। বারাবনির বিধায়ক অরিজিৎ রায়ের দাদা অভিজিৎ রায় তো মাত্র একদিনের মধ্যেই মূর্তির দাবি করেছিলেন। কিন্তু শিল্পীর কথায়, মাটি দিয়ে প্রথমে নিখুঁত ক্লে মডেলিং তৈরি করে, তারপর ফিনিশিং দিয়ে মোল্ড বানিয়ে একটি ফাইবার কোটেড আবক্ষ মূর্তি তৈরি করতে কমপক্ষে ১৫ থেকে ২০ দিন সময় লাগে। বড় কাজের ক্ষেত্রে প্রায় ৩০ দিন সময় লেগে যায়। ফলে রাতারাতি বা মাত্র কয়েকদিনে এই ধরণের শৈল্পিক কাজ ফুটিয়ে তোলা কোনওভাবেই সম্ভব নয়।

    ​বিগত ১২ বছর ধরে এই পেশার সঙ্গে যুক্ত ডোবরানা ও বোলপুরের স্টুডিওর মালিক ভীম পাল। তিনি আগেও বীরভূমের বিজেপি কার্যালয়ের জন্য শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি গড়েছেন। এছাড়া দুর্গাপুরে এক মৃত বিজেপি কর্মীর স্মরণে শুভেন্দু অধিকারীর নির্দেশে শহিদ মূর্তি গড়ার অভিজ্ঞতাও রয়েছে তাঁর। শিল্পীর তৈরি এই সাড়ে তিন ফিটের ফাইবার গ্লাস মূর্তির স্থায়িত্ব প্রায় ৩০ থেকে ৪০ বছর। এই মূর্তির এক একটির খরচ পড়ে ২৫ থেকে ৩০ হাজার টাকা। ব্রোঞ্জের মূর্তি তৈরির বিপুল খরচের (প্রায় ৩ লক্ষ টাকা) তুলনায় এই ফাইবার কোটেড মূর্তির চাহিদা ও গ্রহণযোগ্যতা এখন অনেক বেশি। বর্তমানে কলকাতার অনলাইনের বরাত এবং স্থানীয় বিধায়কদের বরাতে শ্যামাপ্রসাদের সাড়ে তিন ফিট থেকে শুরু করে ৬-৭ ফিটের ফুল ফিগার মূর্তির কাজে চূড়ান্ত ব্যস্ত ডোবরানার এই স্টুডিও। সময়ের অভাবে সব অর্ডার হয়তো নির্দিষ্ট দিনে দেওয়া সম্ভব হচ্ছে না, তবে শ্যামাপ্রসাদের জন্মজয়ন্তীকে কেন্দ্র করে জামুরিয়ার এই প্রত্যন্ত গ্রামের শিল্পীর হাতের জাদুই এখন রাজ্য রাজনীতির অলিন্দে অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।
  • Link to this news (প্রতিদিন)