• অরূপ বিশ্বাসকে তলব করল বিধাননগর দক্ষিণ থানা, পুলিশের কাছে হাজিরা কবে?
    দৈনিক স্টেটসম্যান | ০৫ জুলাই ২০২৬
  • মেসিকাণ্ডে আবার অরূপ বিশ্বাসকে তলব করল বিধাননগর দক্ষিণ থানা। আগেও হাজিরা নিয়ে নানা টালবাহানা করেছিলেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। তারপর যখন গিয়েছিলেন তখন ডিম থেরাপির মুখে পড়েছিলেন। এই পরিস্থিতিতে শিবির বদল করেন অরূপ। কালীঘাট তৃণমূল থেকে বেরিয়ে ঋতব্রত গোষ্ঠীতে যোগ দিয়েছেন। কিন্তু তারপরও স্বস্তি নেই অরূপ বিশ্বাসের। এই মামলায় আবার একবার তাঁকে ডেকে পাঠাল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। আগামী ৭ জুলাই অর্থাৎ মঙ্গলবার হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে অরূপ বিশ্বাসকে।

    এদিকে আগামী ৭ জুলাই সকাল ১০টায় ডেকে পাঠানো হয়েছে অরূপ বিশ্বাসকে। তদন্তের স্বার্থে অরূপের বক্তব্য এবং প্রয়োজনীয় নথি যাচাই করতেই এই দ্বিতীয় দফার তলব করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, চলমান তদন্তে কিছু গুরুত্বপূর্ণ তথ্য স্পষ্ট করার প্রয়োজন হয়েছে। তাই আবার অরূপ বিশ্বাসকে ডেকে পাঠানো হয়েছে। এর আগে একবার তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তবে তদন্তকারীরা মনে করছেন, কিছু বিষয়ে আরও বিস্তারিত ব্যাখ্যার প্রয়োজন আছে। এই কারণেই নতুন করে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। ২০২৫ সালের ডিসেম্বর মাস থেকেই লিওনেল মেসির সফরকে ঘিরে রাজ্য-রাজনীতি এবং ক্রীড়ামহলে আলোড়ন পড়ে গিয়েছিল।

    অন্যদিকে রাজ্যে পালাবদলের পরই মেসির ভারত সফরের মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। তাঁর করা মূল অভিযোগগুলি হলো, মেসি সফরের জন্য যুবভারতীতে মোট ৭০ হাজার টিকিট তৈরি করা হয়েছিল। তৎকালীন মন্ত্রী অরূপ বিশ্বাস গায়ের জোরে একাই তার মধ্যে থেকে ২২ হাজার টিকিট নিয়ে নিয়েছিলেন। আর সেই ২২ হাজার টিকিট অন্যত্র বিপুল অর্থে বিক্রিও করা হয়েছিল। ক্রীড়া বিষয়ক একটি ইভেন্ট এবং তার সঙ্গে যুক্ত আর্থিক ও প্রশাসনিক দিক নিয়ে ওঠা প্রশ্নই এখন তদন্ত করে উত্তর পেতে চাইছে পুলিশ।

    তাছাড়া তদন্তকারীরা মনে করছেন, কিছু চুক্তি, অনুমোদন এবং প্রশাসনিক সিদ্ধান্ত বিষয়ক নথি যাচাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওই নথিগুলির ব্যাখ্যা পাওয়ার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য জানা প্রয়োজন। অরূপ বিশ্বাস যেহেতু এই ইস্যুর সঙ্গে প্রশাসনিকভাবে যুক্ত ছিলেন তাই তাঁর বক্তব্য তদন্তের জন্য গুরুত্বপূর্ণ। এখন দেখার আগামী ৭ জুলাই পুলিশের কাছে হাজিরা দেন কিনা অরূপ বিশ্বাস। উল্লেখ্য, প্রথমে ৪ জুন অরূপ বিশ্বাসকে থানায় হাজির হওয়ার নির্দেশ দেয় পুলিশ। তবে তিনি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা দিতে পারবেন না বলে জানিয়েছিলেন। প্রাক্তন মন্ত্রীর দাবি ছিল, অন্তত দু’সপ্তাহ তাঁর সময় প্রয়োজন। কিন্তু সেই আবেদন মেনে নেয়নি তদন্তকারীরা। এরপর ৮ জুন সকাল ১১টার মধ্যে থানায় হাজিরার নতুন নির্দেশ দেওয়া হয়। সেদিনও তিনি যাননি। বরং কলকাতা হাইকোর্টে চলে যান তিনি। সেখানে রক্ষাকবচ পেতেই গত ১৮ জুন প্রথমবার থানায় হাজির হন অরূপ বিশ্বাস।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)