• অভিষেকের সঙ্গে অভিযোগে নাম জড়াল জাহাঙ্গির-শামিমের!
    আজকাল | ০৫ জুলাই ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: সাধের ডায়মন্ড হারবারে সেবাশ্রয় চালু করেছিলেন। বলেছিলেন তাঁর কেন্দ্রকে মডেল বানাবেন। নন্দীগ্রামেও পরে সেবাশ্রয় চালু হয়, একাধিক কেন্দ্রের জনপ্রতিনিধিরাও এই ক্যাম্প করেন। তবে তৃণমূল ভোটে হারার পর থেকে এই সেবাশ্রয় ক্যাম্প নিয়েই একের পর এক গুরুতর অভিযোগ সামনে আসছে অভিষেকের বিরুদ্ধেই। এবার আরও গুরুতর অভিযোগ, তবে একা অভিষেক নয়, এবার অভিযোগের তীর তাঁর আপ্ত সহায়ক সুমিত রায় এবং অয়ন ঘোষ দস্তিদার, দিলীপ মণ্ডল , জাহাঙ্গীর খান-সহ ১৬ জনের বিরুদ্ধে।

    একাধিক গুরুতর ধারায় বিষ্ণুপুর থানায় মামলা দায়ের করেছেন অভিজিৎ দাস ববি। এর আগেও তিনি অভিযোগ দায়ের করেছিলেন॥ ফের গতকাল ৪.জুলাই বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করেন তিনি। 

    অভিযোগে তিনি জানিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পরিচালিত বলে দাবি করা ‘সেবাশ্রয়’ ও ‘সেবাশ্রয়-২’ স্বাস্থ্য শিবিরে বেআইনিভাবে হোমিওপ্যাথি চিকিৎসক থেকে শুরু করে আশাকর্মীদের জোর করে কাজ করতে বাধ্য করানো হয়েছে। শুধু তাই নয় এই কাজ করতে বাধ্য করেছেন দক্ষিণ ২৪ পরগনার তৎকালীন জেলাশাসক সুমিত গুপ্ত!

    গতকাল অর্থাৎ ৪ জুলাই বিষ্ণুপুর থানায় দায়ের করা অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-এর একাধিক ধারা, ড্রাগস অ্যান্ড কসমেটিকস অ্যাক্ট, পারমাণবিক শক্তি আইন, PCPNDT আইন, ন্যাশনাল মেডিক্যাল কমিশন (NMC) আইন এবং পশ্চিমবঙ্গ ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট আইন-এর বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে।

    অভিযুক্তদের তালিকায় প্রথমেই রয়েছেন, ডায়মন্ড হারবারের সাংসদ ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। অভিযোগে দাবি করা হয়েছে, তিনি ‘সেবাশ্রয়’ কর্মসূচির প্রতিষ্ঠাতা, প্রধান সংগঠক, প্রচারক ও নিয়ন্ত্রক হিসেবে প্রকাশ্যে নিজেকে তুলে ধরেছেন। কর্মসূচির পরিকল্পনা, অনুমোদন, তদারকি, অর্থায়ন ও বাস্তবায়নে তাঁর ভূমিকা খতিয়ে দেখার দাবি জানানো হয়েছে।

    দ্বিতীয় অভিযুক্ত সুমিত রায়, অভিষেক ব্যানার্জির আপ্ত সহায়ক সুমিত রায় যিনি ভোটের ফল প্রকাশের পর থেকে পুলিশের খাতায় ‘পলাতক‘। অভিযোগ অনুযায়ী, তিনি শিবির পরিচালনার অন্যতম প্রধান সমন্বয়কারী হিসেবে প্রশাসনিক ও সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন। তৃতীয় অভিযুক্ত অয়ন ঘোষ দস্তিদার, যাঁর বিরুদ্ধে শিবিরের পরিকল্পনা, চিকিৎসক ও কর্মীদের সমন্বয়, লজিস্টিকস এবং বাস্তবায়নে সক্রিয় ভূমিকার অভিযোগ রয়েছে।

    এছাড়া অভিযুক্ত হিসেবে নাম রয়েছে জাহাঙ্গির খান, শামিম আহমেদ, গৌতম অধিকারী, মেহেবাবুর গায়েন, নবকুমার বেতাল, দিলীপ মণ্ডল এবং বাবন গাজি-র। অভিযোগে তাঁদের স্থানীয় স্তরে শিবির পরিচালনা, সমন্বয় ও বাস্তবায়নের সঙ্গে যুক্ত থাকার কথা উল্লেখ করা হয়েছে।

    মামলায় আরও অভিযুক্ত করা হয়েছে সেবাশ্রয়ের আয়োজক কমিটি, প্রোগ্রাম ম্যানেজমেন্ট কমিটি, চিকিৎসক, রেডিওলজিস্ট, সোনোলজিস্ট, নার্স, ল্যাবকর্মী, স্বেচ্ছাসেবক, সরকারি চিকিৎসক ও সরকারি কর্মী, অর্থ সংগ্রহ ও ব্যয়ের দায়িত্বে থাকা ব্যক্তিদের, সংশ্লিষ্ট হাসপাতাল, নার্সিংহোম, ডায়াগনস্টিক সেন্টার, পরিষেবা প্রদানকারী সংস্থা এবং তদন্তে চিহ্নিত হওয়া অন্যান্য অজ্ঞাত ব্যক্তিদের।

    কিন্তু নতুন করে আবার অভিযোগ কেন?অভিজিৎ জানাচ্ছেন, '২০২৫ সাল থেকে শুরু হওয়া ‘সেবাশ্রয়’ এবং ‘সেবাশ্রয় -২ ‘ স্বাস্থ্য শিবিরে আল্ট্রাসোনোগ্রাফি, ইকো কার্ডিওগ্রাফি, এক্স-রে-সহ বিভিন্ন পরীক্ষা করা হয়েছিল। অভিযোগ, এই সব পরীক্ষা করতে গেলে প্রয়োজনীয় রেডিয়েশন সেফটি লাইসেন্স ও PCPNDT আইনের অনুমোদন লাগে। কিন্তু এই স্বাস্থ্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বা এ এই শিবিরের সঙ্গে জড়িত কারোরই অনুমোদন নেই এবং অনুমোদন ছাড়াই এসব পরিষেবা দেওয়া হয়েছে। এমনকি বেআইনিভাবে লিঙ্গ নির্ধারণের অভিযোগও উঠেছে। এই সমস্ত অভিযোগের ভিত্তিতেই বিজেপি নেতা অভিজিৎ ওরফে ববি বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করেছেন।

     
  • Link to this news (আজকাল)