• রথযাত্রার জন্য পাঁচ লক্ষ টাকা সরকারি অনুদানের ঘোষণা!
    আজকাল | ০৫ জুলাই ২০২৬
  • দীক্ষা ভুঁইয়াঃ আগামী সপ্তাহেই রথযাত্রার পুণ্যতিথি। তার আগেই বড় ঘোষণা রাজ্য সরকারের। এ বার শতাব্দী প্রাচীন রথযাত্রা কমিটিগুলিকে অনুদান দিতে চলেছে রাজ্য সরকার। রথযাত্রা উপলক্ষ্যে তাদের এককালীন ৫ লক্ষ টাকা অনুদান দেওয়া হবে। 

    রাজ্যে প্রথমবার ক্ষমতায় এসেই বিজেপি সরকার দুর্গাপুজোর জন্য অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছে। শুধু তাই নয় শ্রাবণী মেলা থেকে শুরু করে এ বার শতাব্দী প্রাচীন রথযাত্রা কমিটিগুলিকে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা করেছে। মূলত যে কমিটিগুলি ১০০-১৫০ বছরের পুরনো, তাদের হাতেই তুলে দেওয়া হবে এই আর্থিক অনুদান। পাশাপাশি, রথযাত্রার বিপুল জনসমাগম সামাল দিতে নিরাপত্তা, স্বাস্থ্য পরিষেবা ও অন্যান্য সুযোগসুবিধা নিশ্চিত করার জন্য প্রশাসনিক প্রস্তুতিও জোরদার করা হয়েছে।

    নবান্ন সূত্রে জানা গিয়েছে, ১০০ থেকে ১৫০ বছরের পুরনো প্রতিটি ঐতিহ্যবাহী রথযাত্রা কমিটিকে আর্থিক সহায়তা দেওয়ার আগে একটি তালিকা তৈরি করা হবে। যার দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্যের তথ্য এবং সংস্কৃতি দফতরকে। ইতিমধ্যেই সংশ্লিষ্ট কমিটিগুলিকে চিহ্নিত করার কাজও শুরু হয়েছে বলে নবান্ন সূত্রের খবর। 

    প্রশাসনিক সূত্রের খবর, আগামী ১৩ জুলাই মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি উপস্থিত থেকে অনুমোদিত প্রতিনিধিদের হাতে অনুদানের চেক তুলে দিতে পারেন।

    আসন্ন রথযাত্রা উপলক্ষে রাজ্যের সমস্ত জেলাশাসককে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশও দিয়েছে তথ্য ও সংস্কৃতি দফতর। নির্দেশিকায় বলা হয়েছে, পশ্চিমবঙ্গের অন্যতম প্রধান ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব রথযাত্রায় প্রতি বছর রাজ্য ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক ভক্তের সমাগম হয়। তাই উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে এবং ভক্তদের প্রয়োজনীয় পরিষেবা পৌঁছে দিতে জেলা প্রশাসনকে সর্বাত্মক ব্যবস্থা নিতে হবে।

    নির্দেশিকা অনুযায়ী, রথযাত্রার রুট এবং ভক্তদের জমায়েতের গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে সেবা শিবির বা ফেসিলিটেশন ক্যাম্প গড়ে তুলতে হবে। শুধু রথযাত্রার দিন নয়, উল্টোরথের দিনও এই শিবির চালু রাখতে হবে। প্রতিটি জেলার জন্য সেবা শিবির পরিচালনার উদ্দেশ্যে ১ লক্ষ টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার।

    এই শিবিরগুলিতে বিশুদ্ধ পানীয় জল, ওআরএস, প্রাথমিক চিকিৎসা ও জরুরি স্বাস্থ্য পরিষেবা, তথ্য ও সহায়তা কেন্দ্রের পাশাপাশি প্রবীণ, মহিলা, শিশু এবং বিশেষভাবে সক্ষমদের জন্য বিশেষ সহায়তার ব্যবস্থা রাখতে হবে। প্রয়োজন অনুযায়ী অন্যান্য ভক্তবান্ধব পরিষেবাও চালু করার নির্দেশ দেওয়া হয়েছে।
  • Link to this news (আজকাল)