• 'শিক্ষক নিয়োগে দুর্নীতি...', আচমকা কী পোস্ট বিকাশের?
    আজকাল | ০৫ জুলাই ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: তৃণমূল আমলে, সবথেকে বড় প্রশ্নচিহ্ন উঠেছিল নিয়োগ দুর্নীতিতে। বিশেষ করে স্কুল শিক্ষক নিয়োগ দুর্নীতি, প্রতিবাদ, প্রাক্তন শিক্ষামন্ত্রীর গ্রেপ্তারি, আদালতের নির্দেশ, উত্তাল হয় রাজ্য। এসএসসি পরীক্ষার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়ায় যে দুর্নীতির অভিযোগ উঠেছে, তার তদন্ত চলছে এখনও। বিজেপি সরকার শুরু থেকেই স্পষ্ট করেছে, নিয়োগে দুর্নীতি নয়, বরং লক্ষ্য স্বচ্ছতা। বাজেট পেশের সময়েও সাফ  জানানো হয়েছিল এই বিষয়ে। জানানো হয়, যেমন বর্তমান সরকার জোর দেবে নিয়োগে, তেমনই নিয়োগ সংক্রান্ত কমিটিতে স্থান দেবে না রাজনৈতিক ব্যক্তিত্বকে। শনিবারেই স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়া আরও স্বচ্ছ করতে বিরাট পদক্ষেপ নিয়েছে শুভেন্দু সরকার। তারপরেও, প্রশ্নচিহ্ন তুলে দিলেন বিকাশ?

    শনিবারেই জানা যায়, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও রাজনৈতিক প্রভাব কমানোর লক্ষ্য নিয়ে পশ্চিমবঙ্গ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের (WBCSSC) চেয়ারম্যান হিসেবে বরিষ্ঠ আইএএস আধিকারিক দুষ্মন্ত নারিয়ালাকে নিয়োগ করেছে রাজ্য সরকার। 

    শনিবার সন্ধ্যায় এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, 'রাজ্যবাসীর কাছে আমাদের দৃঢ় প্রতিশ্রুতি ছিল যে নিয়োগ প্রক্রিয়ায় সম্পূর্ণ স্বচ্ছতা আনা হবে এবং নিয়োগ কমিশনগুলোকে রাজনৈতিক সংস্পর্শ থেকে মুক্ত রেখে ইউপিএসসি (UPSC)-র মডেলের ধাঁচে ঢেলে সাজানো হবে। সেই মতো অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতায় যখন শূন্য পদে নিয়োগের কথা ঘোষণা করা হয়, তখনই আমরা কথা দিয়েছিলাম যে নিয়োগ সংক্রান্ত কোনো কমিটিতেই কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব থাকবেন না। আমাদের সরকার সেই প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালনে বদ্ধপরিকর।' 

    সঙ্গেই জানান, 'সেই লক্ষ্য পূরণে আজ আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছি। পশ্চিমবঙ্গ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের (WBCSSC) নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা সুনিশ্চিত করতে রাজ্যের অত্যন্ত অভিজ্ঞ এবং বরিষ্ঠ আইএএস (IAS) আধিকারিক শ্রী দুষ্মন্ত নারিয়ালা (Shri Dushyant Nariala)কে কমিশনের চেয়ারম্যান পদের দায়িত্ব দেওয়া হলো।

    মেধা এবং যোগ্যতাই হবে চাকরি পাওয়ার একমাত্র মাপকাঠি। অতীতের দুর্নীতিগ্রস্ত সরকারের আমলে যে অন্যায় হয়েছে বা প্রাতিষ্ঠানিক দুর্নীতির যে দৃষ্টান্ত স্থাপন হয়েছে, তার কোনো স্থান এই নতুন পশ্চিমবঙ্গে নেই। যোগ্য মেধাবী চাকরি প্রার্থীদের অধিকার সুরক্ষিত করা এবং তাদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য। যুবসমাজের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে আমাদের এই প্রচেষ্টা জারি থাকবে।'

    এর পরেই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন আইনজীবী, বাম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য। বিজেপিকে কটাক্ষ করে তিনি লিখেছেন, 'স্কুল সার্ভিস কমিশনের মাথায় একজন আমলা। বিজেপি একজন যোগ্য শিক্ষাবিদ খুঁজে পেলেন না! এই সরকার শিক্ষক নিয়োগ স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত করতে আদৌ আগ্রহী?' 

     
  • Link to this news (আজকাল)