• পঞ্চায়েতে অনাস্থা আবহে অশান্তির ছক? মুর্শিদাবাদে বিপুল পরিমাণ অস্ত্র-সহ পাকড়াও ২
    News18 বাংলা | ০৪ জুলাই ২০২৬
  • : শুক্রবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের লালগোলা থানার পুলিশ  আমতলা মোড় এলাকা থেকে দুই যুবককে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গুলি এবং ম্যাগাজিন-সহ গ্রেফতার করল । পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তিদের নাম আসাদুল শেখ (৩১), তার বাড়ি সাগরপাড়া থানার পূর্ব কাজীপাড়া গ্রামে এবং  মুকশেদুল হোসেন (২৭), তার বাড়ি ইসলামপুর থানার ফিরোজপুর গ্রামে। ধৃত দুই যুবকের হেফাজত থেকে লালগোলা থানার পুলিশ তিনটি ৭ এমএম পিস্তল, ছ’টি ম্যাগাজিন এবং ২১ রাউন্ড বুলেট উদ্ধার করেছে। এর পাশাপাশি যে মোটরসাইকেল করে এই আগ্নেয়াস্ত্র পাচার করা হচ্ছিল পুলিশ সেটিকেও আটক করেছে। ধৃত দুই যুবককের আট দিনের পুলিশি হেফাজতের আবেদন করে শনিবার তাদের লালবাগ এসিজেএম আদালতে পেশ করা হয়।

    লালগোলা থানার এক আধিকারিক জানান ,শুক্রবার রাত একটা নাগাদ তাঁরা গোপন সূত্রে খবর পান দু’জন যুবক ঝাড়খণ্ড থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ,ম্যাগাজিন এবং গুলি নিয়ে একটি মোটরসাইকেল করে ডোমকলের দিকে যাচ্ছে। গোপন সূত্রপ্রাপ্ত খবরের ভিত্তিতে পুলিশ নাকা তল্লাশির সময় একটি মোটরসাইকেল আমতলা মোড় এলাকায় আটক করে। এরপর ওই বাইকে সওয়ার দুই যুবককে তল্লাশি করতেই তাদের হেফাজত থেকে উদ্ধার হয় তিনটি অত্যাধুনিক ৭ এমএম আগ্নেয়াস্ত্র , বিপুল পরিমাণ গুলি এবং ম্যাগাজিন।

    জেলা পুলিশের এক আধিকারিক জানান, “প্রাথমিক তদন্ত আমরা জানতে পেরেছি ধৃত ওই দুই যুবক ঝাড়খণ্ড থেকে এই আগ্নেয়াস্ত্র এবং গুলি  জোগাড় করেছিল। এরপর পুলিশের চোখে ধুলো দেওয়ার জন্য তারা ট্রেন বা বাস ব্যবহার না করে একটি মোটরসাইকেলে করে মুর্শিদাবাদে নিজেদের গ্রামে ফিরে আসছিল। লালগোলা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে  আগে থেকেই আমতলা মোড় এলাকায় নাকা তল্লাশি চালাচ্ছিল। ওই দুই যুবককে গভীর রাতে ওই এলাকা দিয়ে যেতে দেখে পুলিশের সন্দেহ হওয়ায় তাদের আটক করে তল্লাশি শুরু হয়। তখনই আগ্নেয়াস্ত্র, গুলি এবং ম্যাগাজিন উদ্ধার হয়েছে।”

    জেলা পুলিশের এক আধিকারিক জানান, সাম্প্রতিক সময় রাজ্যে বা জেলায় বড় কোনও নির্বাচন নেই। তবে রাজ্যে সরকার পরিবর্তনের পর একাধিক পুরসভা এবং পঞ্চায়েতে টালমাটাল অবস্থা চলছে। বিভিন্ন পঞ্চায়েতে অনাস্থা আনা হচ্ছে। পুলিশের অনুমান এই আগ্নেয়াস্ত্র এলাকায় অশান্তি ছড়ানোর জন্য ওই দুই যুবক নিয়ে যাচ্ছিল। এই চক্রের সঙ্গে আর কে বা কারা জড়িয়ে রয়েছে লালগোলা থানার পুলিশ তা খতিয়ে দেখছে।
  • Link to this news (News18 বাংলা)