• দুর্গাপুজোর আগে উচ্ছেদ নয়! হকারদের জন্য বিরাট সুখবর
    প্রতিদিন | ০৪ জুলাই ২০২৬
  • উচ্ছেদে নিয়ে চাপানউতোরের মাঝে হকারদের জন্য সুখবর। হকার্স জয়েন্ট অ্যাকশন কমিটির রাজ্য সভাপতি অসিত সাহা জানালেন, অক্টোবর অর্থাৎ পুজো পর্যন্ত হকার উচ্ছেদ হবে না বলেই আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অর্থাৎ সাময়িক স্বস্তিতে হকাররা।

    রেল ও রাজ্য সরকারের জমি দীর্ঘদিন ধরে বেআইনিভাবে দখল করে বহু মানুষ ব্যবসা করছে। বহু পরিবার রেলের জায়গা দখল করে সংসারও পেতেছেন। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পরই সেই জায়গা দখলমুক্ত করার সিদ্ধান্ত নেয়। কলকাতার একাধিক বহু প্রাচীন মার্কেট- শিয়ালদহের শিশির মার্কেট, ধর্মতলার হগ মার্কেট, বিভিন্ন সেতুর নিচের ব্যবসায়ী ও বাসিন্দাদের উচ্ছেদের নোটিস দেওয়া হয়। কানাঘুষো শোনা যাচ্ছিল, কোপ পড়তে পারে কলেজ স্ট্রিটে রাস্তার উপরের দোকানগুলোতেও। যদিও পরবর্তীতে জানা যায়, তা সঠিক নয়। এই হকার উচ্ছেদের জল গড়ায় হাই কোর্ট পর্যন্ত। যদিও হাই কোর্টের প্রক্রিয়া সময়সাপেক্ষ হওয়ায় মামলা চলাকালীন একাধিক এলাকায় চলে বুলডোজার। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় বহু দোকান। যদিও পরবর্তীতে ৩১ জুলাই পর্যন্ত হকার উচ্ছেদে স্থগিতাদেশ দেয় কলকাতা হাই কোর্ট।

    জানা যাচ্ছে, উচ্ছেদ নিয়ে গতকাল অর্থাৎ শুক্রবার হকার্স জয়েন্ট অ্যাকশন কমিটির সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হকার্স জয়েন্ট অ্যাকশন কমিটির রাজ্য সভাপতি অসিত সাহার দাবি, শুভেন্দু অধিকারী আশ্বাস দিয়েছেন মানবিকতার খাতিয়ে উৎসবের মরশুম শেষ হওয়ার আগে কোনও হকারকে সরানো হবে না। তবে রেলের হকার উচ্ছেদের বিষয়টি কেন্দ্রের আওতাভুক্ত। সে বিষয়ে মুখ্যমন্ত্রীকে রেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার অনুরোধ জানানো হয়েছে।
  • Link to this news (প্রতিদিন)