• পুরুলিয়ায় ভারত সেবাশ্রমের উদ্যোগে স্থাপিত হচ্ছে শ্যামাপ্রসাদের আবক্ষ মূর্তি
    দৈনিক স্টেটসম্যান | ০৪ জুলাই ২০২৬
  • ভারত সেবাশ্রম সংঘের উদ্যোগে এবার পুরুলিয়ায় প্রথমবারের মতো ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আবক্ষ মূর্তি স্থাপন করা হচ্ছে। তাঁর ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আগামী ৬ জুলাই পুরুলিয়ার ভারত সেবাশ্রম সংঘের কেন্দ্রের বাইরে মূর্তিটি উন্মোচন করা হবে।

    সংঘ সূত্রে জানা গিয়েছে, স্বাধীনতার আগে ১৯৪০ সালে ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দজী মহারাজ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে মালা পরিয়ে আশীর্বাদ করেছিলেন। সেই ঐতিহাসিক স্মৃতিকে সামনে রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সংঘের প্রায় প্রতিটি কেন্দ্রেই সেই ঐতিহাসিক ছবিটি সংরক্ষিত রয়েছে।

    অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে রাজ্যের পূর্ত ও অনগ্রসর শ্রেণি কল্যাণ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী চাঁদ বাউরি, পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো-সহ একাধিক জনপ্রতিনিধিরা। মূর্তিটি তৈরি করছেন শিল্পী রাহুল দাস। শনিবারই মূর্তিটি ভারত সেবাশ্রম সংঘে পৌঁছনোর কথা।

    পুরুলিয়া ভারত সেবাশ্রম সংঘের সহ-সম্পাদক স্বামী নিত্যশুদ্ধানন্দজী মহারাজ জানান, পুরুলিয়ায় এই প্রথম শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি স্থাপিত হচ্ছে। জন্মবার্ষিকী উপলক্ষে প্রভাতফেরি, সাংস্কৃতিক অনুষ্ঠান, মূর্তি উন্মোচন এবং তাঁর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা সভারও আয়োজন করা হয়েছে।

    বিজেপিই রাজ্য কমিটির সদস্য বিবেক রাঙ্গা বলেন, ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শ ও অবদানকে স্মরণ করতেই রাজ্যজুড়ে নানা কর্মসূচি নেওয়া হয়েছে। ভারত সেবাশ্রম সংঘের এই উদ্যোগকে তিনি গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)