তারাতলায় গোডাউন বিপর্যয়ের মতো ঘটনা যেন আর না হয়। প্রশাসনকে এ ব্যাপারে সজাগ থাকার কড়া নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি, বিপর্যয়ের ঘটনায় যে কেন্দ্র-রাজ্য সমন্বয়ে উদ্ধারকাজ হয়েছে, আগামী দিনে সেই ভাবেই কাজের বার্তা দিলেন তিনি।
শনিবার আলিপুর বডিগার্ড লাইনে কলকাতা পুলিশ আয়োজিত একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। এ ছাড়াও ছিলেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং মুখ্যসচিব মনোজ আগরওয়াল। তারাতলার ঘটনায় যারা উদ্ধারকাজে যুক্ত ছিল, তাদের সকলেই ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। তাদের সংবর্ধনাও দেন। শুভেন্দু বলেন, ‘উদ্ধারকারীদের স্যালুট। আপনারা সমন্বয় রেখে কাজ করেছেন। ১৭ জনের জীবন বাঁচিয়েছেন। আর্মি এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে অনেক ধন্যবাদ। আমরা আগামী দিনেও একসঙ্গে কাজ করব। সবার জীবন সুরক্ষিত রাখা আমাদের দায়িত্ব।’
বিপর্যয়ের ঘটনার পরে যাঁরা প্রথমে উদ্ধারকাজ শুরু করেছিলেন, তারাতলার সেই সব স্থানীয় মানুষের প্রতিও কৃতজ্ঞতা স্বীকার করেছেন মুখ্যমন্ত্রী। বলেছেন, ‘তারাতলার সাধারণ মানুষ, যুবকদের বিশেষ কৃতজ্ঞতা। তাঁরাই তো প্রথম উদ্ধারকাজ শুরু করেছিলেন। আমি চেষ্টা করব, এক দিন তারাতলায় গিয়ে তাঁদের সকলকে কৃতজ্ঞতা জানানোর।’
তারাতলার ঘটনায় নানা স্তরে গাফিলতির অভিযোগ উঠেছে। সে সব নিয়ে তদন্তও চলছে। প্রশ্নের মুখে পড়েছেন কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম। গ্রেপ্তারও হয়েছেন ফিরহাদের প্রাক্তন ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায়। কয়েক জন ইঞ্জিনিয়ারকেও তদন্তের আওতায় আনা হয়েছে। প্রশাসনিক গাফিলতির বিষয়টি নজরে রেখে মুখ্যমন্ত্রী বলেন, ‘তারাতলার ঘটনার পরে নির্মাণ নিয়ে বিশেষ অডিট চলছে। আমরা একগুচ্ছ পদক্ষেপ করেছি।’