• বদলে যাচ্ছিল চেনা মানচিত্র, স্কুলের মাঠ বাঁচাতে বুক চিতিয়ে দাঁড়াল ছোট ছোট পড়ুয়ারা
    News18 বাংলা | ০৪ জুলাই ২০২৬
  • স্কুলের খেলার মাঠ বেদখল হওয়া বাঁচানোর দাবী ছাত্র-ছাত্রী থেকে এলাকাবাসীর। ঘটনাটি উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জের দক্ষিণ-পূর্ব বাঁকড়া স্কুলের কয়ালপাড়ায় দীর্ঘদিন ধরে একটি সরকারি জমি স্কুলের খেলার মাঠ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। শুধু বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরাই নয়, এলাকার বাসিন্দারাও এই মাঠটিকে স্কুলের অবিচ্ছেদ্য অংশ হিসেবেই মনে করেন।

    প্রতিদিনের খেলাধুলা, শরীরচর্চা এবং বিভিন্ন ক্রীড়া অনুষ্ঠানের অন্যতম ভরসা এই মাঠ। সম্প্রতি মাঠ সংলগ্ন এলাকায় পিলার পোঁতার কাজ শুরু হওয়ায় মাঠের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং স্থানীয় বাসিন্দারা। তাদের আশঙ্কা, এই জমির একাংশ অন্য কাজে ব্যবহার হলে স্কুলের খেলার পরিসর অনেকটাই কমে যাবে। এই পরিস্থিতিতে পড়ুয়ারা নিজেদের খেলার মাঠ সংরক্ষণের দাবিতে একজোট হয়।

    তাদের সঙ্গে সমর্থনে এগিয়ে আসেন শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং এলাকার মানুষ। সকলের একটাই বক্তব্য, বিদ্যালয়ের খেলার মাঠ পড়ুয়াদের সুস্থ বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই এটি আগের মতোই সংরক্ষিত থাকা উচিত। ঘটনার খবর পেয়ে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি খতিয়ে দেখে।

    পাশাপাশি সংশ্লিষ্ট পক্ষকে প্রয়োজনীয় জমির নথিপত্র নিয়ে থানায় উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, বহু বছর ধরে যে মাঠে প্রজন্মের পর প্রজন্মের ছাত্র-ছাত্রীরা খেলাধুলা করে বড় হয়েছে, সেই মাঠের স্বাভাবিক ব্যবহার যেন অক্ষুণ্ণ থাকে। তাদের আশা, প্রশাসনের উদ্যোগে এমন একটি সমাধান হবে, যাতে বিদ্যালয়ের পড়ুয়ারা ভবিষ্যতেও নির্ভয়ে এই মাঠে খেলাধুলা ও ক্রীড়া কার্যক্রম চালিয়ে যেতে পারে।
  • Link to this news (News18 বাংলা)