জীবিত যুবককে ‘মৃত’ ঘোষণা! নথির ভুলে দু’বছর ধরে বন্ধ প্রতিবন্ধী ভাতা, চরম সংকটে নদিয়ার পরিবার
News18 বাংলা | ০৪ জুলাই ২০২৬
: সরকারি নথিতে জীবিত এক বিশেষভাবে সক্ষম যুবককে মৃত দেখানোর অভিযোগে বিপাকে পড়েছে নদিয়ার কৃষ্ণগঞ্জ ব্লকের সত্যনগরের একটি পরিবার। অভিযোগ, প্রশাসনিক নথির এই ত্রুটির জেরে গত দু’বছরেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে ওই যুবকের প্রতিবন্ধী ভাতা। একাধিকবার সংশ্লিষ্ট দফতরে আবেদন জানিয়েও সমস্যার সমাধান না হওয়ায় চরম আর্থিক সংকটে দিন কাটছে পরিবারের।
পরিবার সূত্রে জানা গিয়েছে, সত্যনগরের বাসিন্দা অশোক বিশ্বাস ও সুষমা বিশ্বাসের একমাত্র ছেলে রাজকুমার বিশ্বাস জন্ম থেকেই ১০০ শতাংশ প্রতিবন্ধী। পরিবারের দাবি, তিনি জীবিত এবং ভোটার তালিকাভুক্ত একজন বৈধ ভারতীয় নাগরিক। ২০২৬ সালের ভোটার তালিকাতেও তাঁর নাম রয়েছে। পাশাপাশি তিনি ভোটাধিকারও প্রয়োগ করেছেন। অভিযোগ, সরকারি নথিতে রাজকুমার বিশ্বাসকে মৃত হিসেবে দেখানো হয়েছে। সেই কারণেই তাঁর প্রতিবন্ধী ভাতা বন্ধ হয়ে যায়। পরিবারের দাবি, বৃদ্ধ বাবা অশোক বিশ্বাস বর্তমানে আগের মতো দিনমজুরের কাজ করতে পারেন না। ফলে সংসারের নিত্যপ্রয়োজনীয় খরচের পাশাপাশি প্রতিবন্ধী ছেলের চিকিৎসা ও দেখভালের ব্যয় বহন করাও অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।
অশোক বিশ্বাস জানান, সমস্যার সমাধানের আশায় তিনি ও তাঁর স্ত্রী একাধিকবার কৃষ্ণগঞ্জ গ্রাম পঞ্চায়েত, বিডিও অফিস এবং পঞ্চায়েত সমিতির দফতরে গিয়েছেন। প্রতিবারই প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়ার পাশাপাশি রাজকুমার বিশ্বাসের লাইফ সার্টিফিকেটও জমা দেওয়া হয়েছে। তবুও সরকারি নথিতে তাঁকে মৃত দেখানো রয়েছে বলে জানিয়ে ভাতা পুনরায় চালু করা সম্ভব হচ্ছে না বলে সংশ্লিষ্ট দফতর থেকে জানানো হয়েছে বলে পরিবারের দাবি।
এ বিষয়ে কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত সমিতির সভানেত্রী কাকলি দাসের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি ক্যামেরার সামনে কোনও মন্তব্য করতে চাননি। সরকারি নথিতে কীভাবে এই ত্রুটি ঘটল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। পাশাপাশি দ্রুত নথি সংশোধন করে রাজকুমার বিশ্বাসের প্রতিবন্ধী ভাতা পুনরায় চালু করার দাবি জানিয়েছে পরিবার।