এই সময়, খড়্গপুর: এতদিন পর্যন্ত যে প্রজাতির গাছের উপস্থিতি দেখা গিয়েছে গুজরাত, গোয়া, মহারাষ্ট্র ও দিউ-তে। এ বার তার খোঁজ মিলল এ রাজ্যেও। বিশেষ প্রজাতির তালগাছের সন্ধান পাওয়া গেল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, কলকাতার এজেসি বোস ইন্ডিয়ান বটানিক গার্ডেন এবং হাওড়ার বটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার গবেষক রনি সাহা, রাহুল দেব বর্মন, দেবেন্দ্র সিং, এস চৌধুরী এবং অমল কুমার মণ্ডলের চেষ্টায়। বাঁকুড়া জেলার লক্ষ্মীসাগর অঞ্চলের শুষ্ক পর্ণমোচী অরণ্যে এই গাছের দেখা মিলেছে। স্থানীয়দের কাছে যার পরিচিতি রাবণ তালগাছ হিসেবে। একাধিক শাখার কারণেই এমন নাম বলে অনুমান।
পূর্ব ভারতের উদ্ভিদ বৈচিত্র্যে নবতম সংযোজন এই গাছের নাম হাইফেনি ডিকোটোমা (Hyphaene dichotoma)। যা প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক মানের জার্নাল হিহডিয়া–তে (Rheedea)। গবেষকরা জানিয়েছেন, এতদিন পর্যন্ত এই গাছের উপস্থিতি নথিভুক্ত ছিল ভারতের মাত্র চার জায়গায়। পশ্চিমবঙ্গে এই প্রথম এটা নথিভুক্ত হল। গাছটি কেউ এনে লাগিয়েছিলেন বলেও তথ্য মেলেনি।
গবেষক অমলকুমার মণ্ডল জানান, দীর্ঘদিনের মাঠ সমীক্ষা, পরিবেশগত পর্যবেক্ষণ এবং স্থানীয় মানুষের ঐতিহ্যগত জ্ঞানের ভিত্তিতে জানা যায়, এই গাছগুলি শতাধিক বছর ধরে ওই অঞ্চলে রয়েছে। পূর্ণবয়স্ক গাছের পাশাপাশি চারার উপস্থিতিও রয়েছে। যা প্রমাণ করে, এটি এই অঞ্চলে স্বাভাবিক ভাবে জন্ম নিয়ে বেড়ে উঠতে সক্ষম। আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংঘের তালিকায় এই গাছ বিপদসীমার দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে। ফলে এই ধরনের গাছকে বাঁচিয়ে রাখার জন্য পদক্ষেপ জরুরি।