• জিরাটে জোর প্রস্তুতি, শ্যামাপ্রসাদের জন্মদিবস পালনে সাজ সাজ রব, পরিদর্শনে বিশেষ পর্যবেক্ষক দল
    এই সময় | ০৪ জুলাই ২০২৬
  • রাজ্যে পালাবদলের পরেই হুগলির জিরাটে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পৈতৃক ভিটে সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৬ জুলাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মদিবস। ওই দিন বলাগড়ের জিরাটে তাঁর পৈতৃক ভিটেতে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ প্রশাসনের একাধিক মন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। তার আগে বুধবার প্রস্তুতি খতিয়ে দেখতে ভিটে পরিদর্শন করল সরকারের বিশেষ পর্যবেক্ষক দল।

    শুক্রবার দুপুরে শ্যামাপ্রসাদের বাসভবন, আশুতোষ মুখোপাধ্যায় লাইব্রেরি, স্কুল, ঘুরে দেখলেন প্রশাসনের আধিকারিকরা। মহকুমা শাসক মধুশ্রী, এডিএম (জেনারেল) তরুণ ভট্টাচার্য, ডিএসপি (ক্রাইম) অভিজিৎ সিনহা মহাপাত্র, বলাগড়ের বিডিও মহাশ্বেতা বিশ্বাস-সহ অন্যান্য আধিকারিকরা। অনুষ্ঠানের চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি ঘুরে দেখেন তাঁরা। কোথায় মঞ্চ হবে, গ্রিনরুম কোথায় হবে, জয়েন্ট স্ক্রিন কোথায় থাকবে, মানুষ কোথায় বসবেন খুঁটিনাটি খতিয়ে দেখা হয়।

    বিডিও বলেন, ‘আমরা ব্যবস্থাপনা ঠিকঠাক আছে কি না দেখলাম। কী কী অনুষ্ঠান হবে তা এখনও চূড়ান্ত হয়নি। তবে কালচারাল অনুষ্ঠান হবে, সেটা রাজ্যস্তর থেকে সিলেকশন হবে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনী নিয়েই অনুষ্ঠান হবে।’

    শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মৃতিসৌধকে ঘিরেই হবে মূল অনুষ্ঠান। ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার ১২৫ ফুটের মূর্তি, পর্যটন কেন্দ্র ও আধুনিক লাইব্রেরির জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ করেছে।বিধানসভা নির্বাচনের প্রচারে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিশ্রুতি দিয়েছিলেন শ্যামাপ্রসাদের পৈতৃক ভিটের উন্নয়ন হবে। পরে রাজ্য সরকার ঘোষণা করে, ১২৫ তম জন্মবার্ষিকীতে ১২৫ ফুটের মূর্তি ও সংগ্রহশালা তৈরি হবে। বামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়িটিকে সংগ্রহশালায় রূপান্তরের কাজ চলছে। জিরাটে তৈরি হচ্ছে অডিটোরিয়াম। উন্নত করা হচ্ছে আশুতোষ মুখোপাধ্যায়ের প্রতিষ্ঠিত লাইব্রেরি, যা এখন ভগ্নদশায় রয়েছে।

    বিজেপি সূত্রে খবর, ৬ জুলাই সকালে বর্ণাঢ্য প্রভাতফেরির আয়োজন করা হয়েছে। থাকবে রক্তদান শিবিরও। দুপুর তিনটা থেকে হবে মূল অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলাগড়ের বিধায়ক তথা মন্ত্রী সুমনা সরকার। এডিএম জেনারেল তরুণ ভট্টাচার্য বলেন, ‘শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে গোটা রাজ্যেই অনুষ্ঠান হবে। এর পাশাপাশি জিরাটে জেলার বড় অনুষ্ঠান হবে। রাজ্যের সঙ্গেও সংযুক্ত থাকবে। সেই ব্যবস্থাপনা দেখতেই এখানে আসা।’

  • Link to this news (এই সময়)