• সংকোচ আর ভয়ের দিন এবার অতীত, এই দরজায় গেলেই নিমেষে ঠান্ডা হবে অপরাধীরা
    News18 বাংলা | ০৩ জুলাই ২০২৬
  • মহিলাদের অভিযোগে মিলবে দ্রুত সাড়া। নতুন উদ্যোগ বসিরহাট পুলিশ জেলার। মহিলাদের নিরাপত্তা ও সুরক্ষাকে আরও জোরদার করতে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিল বসিরহাট পুলিশ জেলা। জেলার অধীন বসিরহাট মহাকুমার ১১টি থানায়  চালু হয়েছে মহিলা সহায়তা কেন্দ্র। এই উদ্যোগের লক্ষ্য, মহিলাদের জন্য থানায় একটি নিরাপদ, সংবেদনশীল ও সহজলভ্য পরিবেশ তৈরি করা।

    যেখানে তাঁরা নির্ভয়ে নিজেদের সমস্যার কথা জানাতে পারবেন এবং দ্রুত প্রয়োজনীয় পুলিশি সহায়তা পাবেন। বসিরহাট, বাদুড়িয়া, স্বরূপনগর, মাটিয়া, হাড়োয়া, মিনাখাঁ, হিঙ্গলগঞ্জ, হেমনগর কোস্টাল, সন্দেশখালি, ন্যাজাট ও হাসনাবাদ থানায় এই সহায়তা কেন্দ্র চালু হয়েছে। প্রতিটি কেন্দ্রে মহিলাদের অভিযোগ গ্রহণের জন্য পৃথক ব্যবস্থা রাখা হয়েছে, যাতে গোপনীয়তা বজায় রেখে সংবেদনশীলতার সঙ্গে তাঁদের অভিযোগ শোনা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যায়।

    পারিবারিক নির্যাতন, গার্হস্থ্য হিংসা, নারী হয়রানি, সাইবার অপরাধ, ব্ল্যাকমেল, স্টকিং, প্রতারণাসহ মহিলাদের বিরুদ্ধে সংঘটিত বিভিন্ন ধরনের অপরাধের অভিযোগ এই সহায়তা কেন্দ্রে জানানো যাবে। অভিযোগ পাওয়ার পর দ্রুত তদন্ত শুরু, প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ এবং প্রয়োজনে সংশ্লিষ্ট দফতরের সঙ্গে সমন্বয় করে ভুক্তভোগীদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

    পুলিশ প্রশাসনের মতে, অনেক সময় সামাজিক সংকোচ, ভয় বা অনিশ্চয়তার কারণে বহু মহিলা থানায় যেতে দ্বিধাবোধ করেন। মহিলা সহায়তা কেন্দ্র সেই বাধা দূর করে মহিলাদের জন্য আরও আস্থার পরিবেশ তৈরি করবে। নারী-নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জনমুখী পুলিশি পরিষেবা আরও শক্তিশালী করা এবং অভিযোগের দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করা এই উদ্যোগের মূল লক্ষ্য বলে জানিয়েছে বসিরহাট পুলিশ জেলা।
  • Link to this news (News18 বাংলা)