• 'কবে হবে নিজের এইমস?' উত্তরবঙ্গ নিয়ে সরকারের নয়া ঘোষণার পর এবার গান! মুহূর্তে হল ভাইরাল
    News18 বাংলা | ০৩ জুলাই ২০২৬
  • : গানে গানেই মনের কথা! একটা এইমস কবে হবে? গানে গর্জে উঠল জলপাইগুড়ি। এই দাবি ছিল অনেকদিনের, আন্দোলনও চলছে অহরহ। কিন্তু এবার সেই দাবিতে যোগ হল  সুর, তাল আর আবেগ। এইমস হাসপাতাল গড়ে তোলার দাবিকে সামনে রেখে গান বেঁধে এক অনন্য উদ্যোগে নজর কাড়ল জলপাইগুড়ি নাগরিক সমাজ। ইতিমধ্যেই জেলার বিভিন্ন প্রান্তে এইমস তৈরির দাবিতে সরব মানুষ। জলপাইগুড়ি নাগরিক সংসদের সদস্যরা লোকসভার সাংসদ ডা: জয়ন্ত কুমার রায়ের সঙ্গে সাক্ষাৎ করে এই দাবিকে জোরালো করেছেন। পাশাপাশি চলছে সাধারণ মানুষের স্বাক্ষর সংগ্রহ।

    তবে এবার সেই আন্দোলনকে আরও ছড়িয়ে দিতে বেছে নেওয়া হয়েছে এক শক্তিশালী মাধ্যম ‘গান’। দোমোহনীতে নাগরিক সংসদের উদ্যোগে এই গানটি তৈরি করেছে ভারতীয় গণনাট্য সংঘ, জলপাইগুড়ি। গানের কথা লিখেছেন সংঘের সদস্য শীতেশ চক্রবর্তী এবং সুর দিয়েছেন সুপর্না দাশগুপ্ত। কণ্ঠে ছিলেন অপর্না রায়কত, রনিতা মুখোপাধ্যায়, ভার্গবি হোমরায় ও কৃষ্ণা সাহা। তবলায় সঙ্গত করেছেন সুমিত হোম রায়।

    সুরকার সুপর্না দাশগুপ্ত জানান, “গানের মাধ্যমে মানুষের কাছে খুব দ্রুত পৌঁছনো যায়। লিরিক্স যদি মনে গেঁথে যায়, তা হলে দাবিও শক্তিশালী হয়।” গানের কথায় উঠে এসেছে এক গভীর বাস্তবতা “অন্ন, বস্ত্র, শিক্ষা যেমন জরুরি, তেমনই স্বাস্থ্যও।” সেই সঙ্গে প্রশ্ন “জলপাইগুড়ির মানুষ কবে পাবে নিজের এইমস?” নাগরিক সংসদের মতে, স্বাক্ষর সংগ্রহের পাশাপাশি এই গান সাধারণ মানুষের মনে দাবির গুরুত্ব সহজেই পৌঁছে দেবে। ইতিমধ্যেই গানটি ব্যাপক সাড়া ফেলেছে। গানের সুর কি শেষমেশ পৌঁছে দেবে এইমসের স্বপ্নের বাস্তবতায়? তা তো সময়ই বলবে।
  • Link to this news (News18 বাংলা)