• অফিস থেকে লুকিয়ে চা-বিস্কুট নিয়ে গিয়েছিলেন বাড়ি! জানাজানি হতেই বরখাস্ত ১৭ বছরের পুরনো কর্মী, তারপর…
    প্রতিদিন | ০৩ জুলাই ২০২৬
  • অপরাধ বলতে অফিস থেকে লুকিয়ে চা পাতা ও বিস্কুট নিয়ে যাওয়া! তাতেই চরম শাস্তির মুখে। বিষয়টা জানাজানি হতে বরখাস্ত করা হয়েছিল ১৭ বছরের পুরনো কর্মীকে। আদালতের দ্বারস্থ হওয়ায় অবশেষে চাকরি ফিরে পেলেন ওই ব্যক্তি। কাজে পুনর্বহালের পাশাপাশি তাঁকে বকেয়া বেতনের ৫০ শতাংশ দেওয়ার নির্দেশও দিয়েছে ঝাড়খণ্ড আদালত। 

    ঝাড়খণ্ডের বোকারো জেলা গ্রামীণ উন্নয়ন সংস্থার চুক্তিভিত্তিক কর্মী ছিলেন রঞ্জিতকুমার হিমাংশু। ২০০৫ সাল থেকে কর্মরত তিনি। ২০২২ সালের মার্চ মাসে অফিসের সামগ্রী লুকিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। সংস্থার তরফে তাঁকে শোকজ করা হয়। রঞ্জিতবাবু জানান, সেই চিঠিতে নির্দিষ্ট করে কোন সামগ্রী নিয়েছেন তার উল্লেখ করা হয়নি। পরবর্তীতে অভিযুক্ত স্বীকার করে নেন যে তিনি পড়ে থাকা চা পাতা ও বিস্কুট নিয়ে গিয়েছেন। পরবর্তীতে তা ফিরিয়েও দেন। অভিযোগ, তা সত্ত্বেও ২০২২ সালের মে মাসে রঞ্জিতকে বরখাস্ত করে সংস্থা।

    এরপরই এই বরখাস্তের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ঝাড়খণ্ড হাই কোর্টের দ্বারস্থ হন রঞ্জিত। সেই মামলায় আদালত বলে, ১৭ বছর কাজ করার পর এইরকম সামান্য ভুলে বরখাস্তের মতো সিদ্ধান্ত লঘু পাপে গুরু দণ্ড ও অযৌক্তিক। অপরাধের সঙ্গে শাস্তির কোনও সামঞ্জস্য নেই। এরপরই ১০ জুলাইয়ের মধ্যে ওই কর্মীকে পুনর্বহালের নির্দেশ দেয় আদালত। বকেয়া বেতনের ৫০ শতাংশ আগামী ৩০ জুলাইয়ের মধ্যে পরিশোধ করারও নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের নির্দেশে মুখে হাসি ফুটেছে গোটা পরিবারের।
  • Link to this news (প্রতিদিন)