ফের নিম্নচাপ, কলকাতা-সহ এই জেলাগুলিতে টানা বৃষ্টির Alert
আজ তক | ০৩ জুলাই ২০২৬
South Bengal Weather: শুক্রবার থেকে ফের কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা। এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। স্পেশাল বুলেটিন অনুযায়ী, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ অবস্থান করছে। আগামী দু'দিনে সেটি আরও শক্তিশালী হতে পারে। তার জেরে ৩ জুলাই থেকে ৬ জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। কলকাতাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। সঙ্গে বজ্রবিদ্যুৎ ও দমকা হাওয়ারও পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আগামী কয়েক দিন বিক্ষিপ্ত থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতার ক্ষেত্রেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্রবিদ্যুৎ এবং ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়াও বইতে পারে।
কোন দিন কোথায় বেশি বৃষ্টি?
৩ জুলাই
পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার এক বা দু'টি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং দমকা হাওয়ার পূর্বাভাস রয়েছে।
৪ জুলাই
বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, হাওড়া এবং দক্ষিণ ২৪ পরগনার এক বা দু'টি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
৫ জুলাই
এদিন দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং হাওড়া জেলায় ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
৬ জুলাই
দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর ৭ ও ৮ জুলাইও দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। ৯ জুলাই দক্ষিণ ২৪ পরগনার এক বা দু'টি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
গত ২৪ ঘণ্টায় কোথায় কত বৃষ্টি?
গত ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের বহু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। হুগলি ও দক্ষিণ ২৪ পরগনার কয়েকটি এলাকায় দমকা হাওয়াও বইেছে। সবচেয়ে বেশি বৃষ্টির মধ্যে রয়েছে পশ্চিম বর্ধমানের আসানসোল (সিডব্লিউসি)-এ ৩ সেন্টিমিটার এবং বাঁকুড়ার কংসাবতী বাঁধ এলাকায় ৩ সেন্টিমিটার। এছাড়া হাওড়ার উলুবেড়িয়া ও আমতায় ২ সেন্টিমিটার করে বৃষ্টি রেকর্ড হয়েছে।
বজ্রবিদ্যুৎ থেকে সাবধান
সাম্প্রতিক অতীতে বজ্রবিদ্যুতের ফলে মৃত্যুর ঘটনা বেড়েছে। তাই ঝড়, প্রবল বৃষ্টির সময় নিরাপদ স্থানে অবশ্যই আশ্রয় নিন। ফাঁকা মাঠ, গাছ বা বিদ্যুতের খুঁটির নিচে দাঁড়াবেন না। জলাশয়ের সংস্পর্শও এড়িয়ে চলুন।