• মেলে প্রাণনাশের হুমকি হুমায়ুন কবীরকে!
    আজকাল | ০৩ জুলাই ২০২৬
  • শ্রেয়সী পাল: মুর্শিদাবাদের নওদা বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত আম জনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবীরের জীবনে সমস্যা কমছে না। রেজিনগর ও শক্তিপুর থানায় পুলিশের দু'টি সুয়োমোটো মামলার পর এবার নওদার বিধায়ক হুমায়ুন কবীরের ব্যক্তিগত মেলে এল প্রাণনাশের হুমকি। শিবশঙ্কর বারিক নামে এক ব্যক্তির ইমেল থেকে বৃহস্পতিবার রাতে হুমায়ুন কবীরকে দু'টি হুমকি মেল পাঠিয়ে প্রাণনাশের ধমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ।  হুমায়ুন সমর্থকদের তরফে ইতিমধ্যে ওই মেলের বয়ান প্রকাশ্যে আনা হয়েছে। 

    বৃহস্পতিবার রাত ১০.০৩ মিনিট এবং ১০.২৯ হুমায়ুনকে মেল দু'টি পাঠানো হয়েছে। অকথ্য ভাষায় গালিগালাজের পাশাপাশি আগামী ২৫ তারিখ বিধায়ককে খুন করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। একই সঙ্গে বিধায়কের উদ্যোগে নির্মীয়মান বাবরি মসজিদে বোমা বিস্ফোরণ ঘটানোর কথাও উল্লেখ রয়েছে ওই মেলে। দ্বিতীয় মেলে আবার ২০ তারিখের মধ্যে তাঁকে খুন করার হুমকি দিয়েছেন শিবশঙ্কর। 

    তবে মেলে ওই ব্যক্তি স্পষ্ট জানিয়েছেন, তিনি কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। হুমায়ুন কবীরের সঙ্গে লড়াই করার জন্য তিনি “একাই ময়দানে নামবেন।”

    এই হুমকি মেলের পর হুমায়ুন বলেন, " আমাকে প্রায়শই ফোনে হুমকি দেওয়া হচ্ছে। তবে মেলে এই ধরনের হুমকি আগে পাইনি।। এর আগে লখনও থেকে রাজু দাস নামে এক ব্যক্তি ফোন করে আমাকে হুমকি দিয়ে বলেছিল আমার মাথা কেটে নেবে। তবে হুমকি মেলে আমি ভয় পাচ্ছি না। উপরওয়ালার যখন খেয়াল হবে, যখন মনে হবে আমাকে ঠিক ডেকে নেবে।" হুমায়ুন কবীর  জানাননওদার বিধায়ক আরও বলেছেন, ," এই মুহূর্তে আমার সঙ্গে কেবলমাত্র রাজ্য সরকারের দেওয়া দু'জন নিরাপত্তা রক্ষীরা রয়েছেন। বেশ কিছুদিন আগেই  কেন্দ্র সরকার সিআরপিএফ-এর নিরাপত্তা প্রত্যাহার করে নিয়েছে। এখন আমি বেশ কিছু কাজে ব্যস্ত রয়েছি। সন্ধ্যের মধ্যে মুর্শিদাবাদ পুলিশ জেলার সুপারের কাছে গোটা বিষয়টি লিখিতভাবে জানিয়ে মেল করে দেব । তার সঙ্গে আমাকে যে হুমকি মেলটি পাঠানো হয়েছে সেটিও যুক্ত করে দেব।"
  • Link to this news (আজকাল)