‘সেবাশ্রয়’ স্বাস্থ্য শিবিরে অনুমোদনহীন চিকিৎসা ও ডায়াগনস্টিক কেন্দ্র পরিচালনার অভিযোগে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূল কংগ্রেসের একাধিক নেতার বিরুদ্ধে ডায়মন্ড হারবার থানায় অভিযোগ দায়ের করেছিলেন রায়নগরের বাসিন্দা শুকদেব দাস। সেই অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) একাধিক ধারায় মামলা দায়ের হয়।
অভিযোগে দাবি করা হয়েছে, অভিযুক্তরা সুপরিকল্পিত ভাবে বিভিন্ন সময়ে নানা জায়গায় প্রশাসনের অনুমোদন ছাড়াই চিকিৎসা ও ডায়াগনস্টিক কেন্দ্র পরিচালনা করেছেন। অভিযোগ অনুযায়ী, প্রতারণা, জাল নথি তৈরি ও ব্যবহার, ভুয়ো পরিচয়ে চিকিৎসা পরিষেবা প্রদান, প্রয়োজনীয় লাইসেন্স ছাড়া ক্লিনিক পরিচালনা করা হয়েছে। শুধু তা-ই নয়, বেআইনি ভাবে ওষুধ ও চিকিৎসা-সংক্রান্ত যন্ত্রপাতি এবং তেজস্ক্রিয় পদার্থের অবৈধ ব্যবহারও করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগকারীর দাবি, এতে সাধারণ মানুষের স্বাস্থ্য ও নিরাপত্তাকে ঝুঁকির মুখে পড়েছে।
এই অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-এর প্রতারণা, জালিয়াতি, অপরাধমূলক ষড়যন্ত্র, অভিন্ন উদ্দেশ্যে অপরাধ সংঘটন, জননিরাপত্তা বিপন্ন করা-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। পাশাপাশি ওষুধ ও প্রসাধনী আইন, পারমাণবিক শক্তি আইন, জাতীয় মেডিক্যাল কমিশন আইন, পিসিপিএনডিটি আইন এবং পশ্চিমবঙ্গ ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট আইনেও মামলা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মামলার তদন্তভার গ্রহণ করেছেন ডায়মন্ড হারবারের এসডিপিও। অভিযোগের সত্যতা খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ করা হবে।