মানবাধিকার রক্ষার দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা। ভাঙড়ে বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন শওকত। বৃহস্পতিবার দুপুরে তাঁকে ভাঙড়ের জীবনতলা এলাকায় হাঁটিয়ে ঘোরায় পুলিশ। সেই ঘটনায় তাঁর মানবাধিকার লঙ্ঘন হয়েছে, এই দাবি তুলে আদালতে মামলা দায়ের করেন তিনি। মামলার অনুমিত দিয়েছে হাইকোর্ট।
ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক ও তৃণমূল নেতা শওকত মোল্লাকে বৃহস্পতিবার দুপুরে নিয়ে যাওয়া হয়েছিল জীবনতলা বাজারে। সেখানে পুলিশি পাহারায় তাঁকে হাঁটিয়ে ওই এলাকায় ঘোরানো হয়। সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই এ দিন আদালতের দ্বারস্থ হন শওকত।
বিধানসভা নির্বাচনে ভাঙড় বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন শওকত। ISF প্রার্থী নওশাদ সিদ্দিকির কাছে বড় ব্যবধানে হারতে হয়েছে তাঁকে। প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের আগে ভাঙড়ের দক্ষিণ বামুনিয়া এলাকায় একটি বিস্ফোরণের ঘটনা ঘটে। বোমা বাঁধার সময়েই সেই বিস্ফোরণ ঘটে বলে অভিযোগ। সেই ঘটনায় অন্যতম অভিযুক্ত হিসেবে নাম জড়ায় শওকত মোল্লার। পরবর্তীকালে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে শওকতকে গ্রেপ্তার করে NIA। পরে অন্য একটি মামলাতে তাঁকে নিজেদের হেফাজতে নেয় জীবনতলা থানার পুলিশ।