রূপা-অঞ্জন জুটি স্ক্রিনে ফিরে আসতেই হিট ছবি, প্রত্যাবর্তনের ৬০ দিন, হইহই করে হল উদযাপন
News18 বাংলা | ০২ জুলাই ২০২৬
কলকাতা: বাংলা চলচ্চিত্র ‘প্রত্যাবর্তন’ দর্শকদের বিপুল ভালবাসা, প্রশংসা ও সমর্থনে সফলভাবে ৬০ দিনের গৌরবময় প্রদর্শনী সম্পূর্ণ করল। এই বিশেষ মাইলফলককে স্মরণীয় করে রাখতে গত ২৯ জুন সন্ধ্যা ৬টায় কলকাতার নন্দন-২ প্রেক্ষাগৃহে আয়োজিত হয় ছবির বিশেষ প্রদর্শনী এবং ৬০ দিন পূর্তি উদযাপন। প্রযোজনা সংস্থার পক্ষ থেকে জানানো হয়, মুক্তির দিন থেকে শুরু করে আজ পর্যন্ত ‘প্রত্যাবর্তন’-এর প্রতিটি মুহূর্ত তাঁদের কাছে এক অবিস্মরণীয় যাত্রা। দর্শকদের আন্তরিক ভালোবাসা, সমর্থন ও আশীর্বাদই এই সাফল্যের মূল শক্তি। নির্মাতা, শিল্পী ও সমগ্র টিম দর্শকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জানান, এই অভূতপূর্ব সাড়া তাঁদের আগামী দিনে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা জোগাবে।
অনুষ্ঠানের দিন প্রবল বর্ষণ, ঝড়ো হাওয়া ও বজ্রবিদ্যুতের মতো প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও টলিউডের বহু বিশিষ্ট শিল্পী, নির্মাতা, প্রযোজক ও শুভানুধ্যায়ীরা নন্দন-২ প্রেক্ষাগৃহে উপস্থিত হয়ে ছবির এই ঐতিহাসিক সাফল্যের সাক্ষী হন। কেক কেটে ৬০ দিনের এই গৌরবময় যাত্রা উদযাপন করা হয় এবং ছবির দীর্ঘ সাফল্য কামনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির পরিচালক সমর্পণ সেনগুপ্ত, প্রযোজক অভিজিৎ চ্যাটার্জী, অভিনেতা অঞ্জন দত্ত, অভিনেত্রী রূপা গাঙ্গুলী, অপরাজিতা আঢ্য, খরাজ মুখার্জি, অভিপ্সা (মিষ্টু) চ্যাটার্জী, সায়ণী চ্যাটার্জী, আর্য দাশগুপ্ত, আয়ুষ দাস, রঞ্জন ঘোষ, উপল সেনগুপ্ত, পটা, পাভেল, অরুণাভ খাশনবিশ, অনির্বাণ ঘোষাল, রানা বসু ঠাকুর, সুপ্রতিম রায়, পৌলমী দাস-সহ টলিউডের বহু বিশিষ্ট ব্যক্তিত্ব ও ছবির কলাকুশলীরা। গত ১ মে, ২০২৬ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর থেকেই সামাজিক বিষয়ভিত্তিক এই চলচ্চিত্রটি দর্শক ও সমালোচকদের কাছ থেকে ব্যাপক প্রশংসা অর্জন করে।
শহুরে জীবনের মানসিক দূরত্ব, পারিবারিক সম্পর্কের টানাপোড়েন, আধুনিক প্রজন্মের সোশ্যাল মিডিয়ার প্রতি অতিনির্ভরতা এবং নিজের শিকড়ে ফিরে আসার মানবিক বার্তাকে কেন্দ্র করে নির্মিত এই চলচ্চিত্রটি দর্শকদের আবেগকে গভীরভাবে স্পর্শ করেছে। এই ছবিতে অভিনয় করেছেন অঞ্জন দত্ত, রূপা গাঙ্গুলী, শিলাজিৎ মজুমদার, অপরাজিতা আঢ্য, খরাজ মুখার্জি, কণীনিকা বন্দ্যোপাধ্যায় ও অভিপ্সা (মিষ্টু) চ্যাটার্জী-সহ একঝাঁক দক্ষ শিল্পী। ছবির সঙ্গীত পরিচালনা করেছেন বনি চক্রবর্তী, শিলাজিৎ মজুমদার ও গৌরব তপাদার। রূপম ইসলাম, শিলাজিৎ মজুমদার, গৌরব তপাদার ও ইমন চক্রবর্তীর কণ্ঠে ছবির গানগুলিও দর্শক-শ্রোতাদের মধ্যে বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছে।
৬০ দিনের এই গৌরবময় সাফল্য উদযাপন শুধুমাত্র একটি চলচ্চিত্রের বাণিজ্যিক অর্জনের উৎসব নয়, বরং বাংলা সিনেমার প্রতি দর্শকদের অবিচল আস্থা, ভালোবাসা ও সমর্থনের এক উজ্জ্বল নিদর্শন। নির্মাতাদের আশা, ‘প্রত্যাবর্তন’ আগামী দিনেও একইভাবে দর্শকদের হৃদয়ে স্থান করে নেবে এবং বাংলা চলচ্চিত্রের সাফল্যের ইতিহাসে আরও এক অনন্য অধ্যায় রচনা করবে