দিল্লিতে জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক নরেন্দ্র মোদির
বর্তমান | ০৩ জুলাই ২০২৬
নয়াদিল্লি, ২ জুলাই: আজ, বৃহস্পতিবার জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে বৈঠক করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল অর্থাৎ বুধবার ১৬তম ভারত-জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতে এসেছেন জাপানের প্রধানমন্ত্রী। এরপর এদিন দিল্লির হায়দরাবাদ হাউজে তাঁদের দ্বিপাক্ষিক বৈঠক হয়। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মোদি বলেন, ভারত-জাপানের অর্থনীতি একে অপরের পরিপূরক। সাংস্কৃতিক দিক, আধুনিক প্রযুক্তি, আমাদের চিন্তা-ভাবনা এবং অগ্রসর হওয়ার মধ্যেও দুই দেশের যথেষ্ট মিল রয়েছে। প্রযুক্তিগত সহযোগিতা দুই দেশের মধ্যে শক্তিশালী স্তম্ভ রূপে প্রতিপন্ন হবে। এছাড়া পারস্পরিক বিশ্বাসের উপর ভিত্তি করে যে সম্পর্ক গড়ে উঠেছে যা কখনও ভেঙে পড়বে না। পাশাপাশি জাপানের সহায়তায় বায়োগ্যাসের উদ্যোগ নেওয়া হবে। দেশে এক হাজার বায়োগ্যাস ও জৈব সার প্ল্যান্ট স্থাপন করা হবে। যা গ্রামীণ জীবিকাকে নতুন গতি ও শক্তি যোগান দেবে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে আন্তর্জাতিক শৃঙ্খলা বজায় রাখা এবং মুক্ত অঞ্চলের ধারণাকে বাস্তবায়িত করতেও দুই দেশ বদ্ধপরিকর বলে জানিয়েছেন মোদি-তাকাইচি।
সূত্রের খবর, একগুচ্ছ গুরুত্বপূর্ণ চুক্তিতেও দুই দেশের প্রধানমন্ত্রীরা স্বাক্ষর করেছেন। এই চুক্তির মধ্যে রয়েছে বিনিয়োগ, প্রযুক্তি, এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টর, জ্বালানি নিরাপত্তা এবং প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির ক্ষেত্র। বিশেষজ্ঞদের মতে, দ্বিপাক্ষিক এই সম্মেলন এক নতুন যুগের সূচনা হিসেবেও উঠে আসতে পারে।