টানা চারদিন বন্ধ থাকছে না চিংড়িঘাটা উড়ালপুল, বিজ্ঞপ্তি জারি করল কলকাতা পুলিশ
দৈনিক স্টেটসম্যান | ০৩ জুলাই ২০২৬
আগামী ৩ জুলাই থেকে ৬ জুলাই পর্যন্ত চিংড়িঘাটা উড়ালপুল বন্ধ রাখার সিদ্ধান্ত থেকে সরে এল কলকাতা পুলিশ। প্রশাসনিক কারণে আপাতত উড়ালপুল বন্ধ রাখা হচ্ছে না বলে নয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। তার ফলে ওই চারদিন যান চলাচল স্বাভাবিক থাকবে। শুক্রবার থেকে সোমবার পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত আগে নেওয়া হয়েছিল। কিন্তু তাতে নিত্যযাত্রীরা ব্যাপক সমস্যার সম্মুখীন হবেন বুঝতে পেরে আগের সিদ্ধান্ত থেকে সরে এল কলকাতা পুলিশ।
চিংড়িঘাটা মেট্রো প্রকল্পের কাজের জন্য আগেই দুই দফায় উড়ালপুল বন্ধ রাখার পরিকল্পনা করা হয়েছিল। প্রথম দফায় ২৬ থেকে ২৯ জুন উড়ালপুল বন্ধ রেখে গার্ডার বসানোর কাজ শেষ করা হয়েছে। দ্বিতীয় দফায় ৩ জুলাই রাত থেকে ৬ জুলাই সকাল পর্যন্ত বন্ধ রাখার কথা থাকলেও তা আপাতত স্থগিত করে দেওয়া হয়েছে। তৃণমূল সরকারের আমলে প্রায় দেড় বছর আটকে ছিল চিংড়িঘাটা মেট্রো প্রকল্পের কাজ। এখন ডবল ইঞ্জিন সরকার পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতেই সেই জটিলতা কেটে গিয়েছে। মাত্র ১২০ ঘণ্টারও কম সময়ে দু’দফায় মেট্রো লাইন জোড়ার কাজ শেষ হয়েছে। বেশ কয়েক দফায় উড়ালপুল বন্ধ করে মেট্রোর কাজ চলেছে।
এখন নয়া সিদ্ধান্ত অনুযায়ী, চারদিন চিংড়িঘাটা উড়ালপুলে যান চলাচল স্বাভাবিক থাকবে। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, চিংড়িঘাটা ক্রসিংয়ের পূর্বদিকে বিকল্প রাস্তা তৈরির কাজ চলছে। আর লঞ্চার মেশিনকে পরবর্তী ধাপে গৌরকিশোর ঘোষ মেট্রো স্টেশনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হবে। প্রকল্পের কাজ পরিকল্পনা অনুযায়ী এগোলে চলতি বছরের শেষেই দীর্ঘদিনের পড়ে থাকা চিংড়িঘাটা মেট্রো পরিষেবা চালু হওয়ার সম্ভাবনা থাকছে।
তাছাড়া সল্টলেক বাইপাসের ধারের খালের পাশ দিয়ে ৬০ মিটার রাস্তা তৈরি হতে পারে বলে জানা গিয়েছে। কলকাতা পুলিশ এবং আরভিএনএল ইতিমধ্যেই জায়গা চিহ্নিত করতে পরিদর্শন করে ফেলেছে। চিংড়িঘাটা ক্রসিংয়ে গার্ডার বসানো শেষ হওয়ায় লঞ্চার মেশিন ৩২৯ নম্বর পিলার পর্যন্ত যাবে।