• 'সংসার বাঁচাতে চাই!' লাঠিসোঁটা হাতে বীরভূমে বেআইনি মদের ঠেক গুঁড়িয়ে দিল 'দুর্গা বাহিনী'
    News18 বাংলা | ০৩ জুলাই ২০২৬
  • : ‘দেশ বাঁচাতে চাই, সন্তান বাঁচাতে চাই, সংসার বাঁচাতে চাই’! এই জ্বলন্ত স্লোগানকে সামনে রেখে বীরভূমের সিউড়িতে বেআইনি মদের দোকানে লাঠিসোঁটা নিয়ে চড়াও হলেন ‘দুর্গা বাহিনী’র মহিলারা। এলাকা থেকে মদ বিক্রি সম্পূর্ণ বন্ধ করতে এবং চোলাই সহ সমস্ত ধরণের বেআইনি মদের কারবারের বিরুদ্ধে এদিন রীতিমতো রণংদেহি মূর্তিতে ধরা দিলেন তাঁরা।

    আজ, বৃহস্পতিবার চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বীরভূমের সিউড়ি দুই নম্বর ব্লকের অন্তর্গত পুরন্দরপুর পঞ্চায়েতের তাপাইপুর দাসপাড়ায়। এদিন লাঠিসোঁটা হাতে রাস্তায় নেমে মদ বিক্রেতাদের আস্তানা ও সমস্ত সরঞ্জাম ভেঙে গুঁড়িয়ে দেন দুর্গা বাহিনীর সদস্যরা। আন্দোলনকারী মহিলাদের স্পষ্ট দাবি, এই মদের নেশার কারণে তাঁদের ঘর-সংসারে দিনরাত চরম অশান্তি লেগে রয়েছে। নষ্ট হচ্ছে যুবসমাজ। রাজ্যে নতুন সরকার আসার পর এই ধরণের সমস্ত বেআইনি কাজকর্ম এবার পুরোপুরি বন্ধ হবে বলে তাঁরা আশাবাদী। আর সেই কারণেই আজ তাঁরা নিজেরা রুখে দাঁড়িয়েছেন।

    এলাকার মহিলারা জানান, পরিস্থিতি এখন এমন হয়ে দাঁড়িয়েছে যে, পুরুষরা কাজ করে যে টাকা রোজগার করে আনছে তার প্রায় সবটাই মদের পিছনে খরচ করে দিচ্ছে। এমনকি এলাকার ছোট ছোট ছেলেরাও মাদকাসক্ত হয়ে পড়ছে। আর এসবের কারণে পড়াশুনা একদিকে যেমন লাটে উঠছে, ঠিক সেই রকমই পারিবারিক অশান্তি লেগেই রয়েছে।

    তাঁদের আরও অভিযোগ, এর আগেও পুলিশ বিভিন্ন সময়ে এলাকায় এসে এই বেআইনি মদ বিক্রি বন্ধ করার নির্দেশ দিয়ে গিয়েছে। কিন্তু পুলিশের গাড়ি এলাকা ছাড়লেই ফের চেনা ছকে শুরু হয়ে যায় মদের রমরমা কারবার। তাই এবার আর শুধু প্রশাসনের ভরসায় না থেকে, নিজেদের সংসার ও সমাজ বাঁচাতে সরাসরি অ্যাকশনে নামলেন এলাকার দুর্গা বাহিনী।
  • Link to this news (News18 বাংলা)