• তাঁর সামনেই তারস্বরে বাজল 'মাছচোর' গান, ভরা বাজারে ঘোরাল পুলিশ! মুখ কাঁচুমাচু করে কী বললেন শওকত?
    News18 বাংলা | ০৩ জুলাই ২০২৬
  • এতদিন তাঁকে উদ্দেশ করেই বাজানো হত ভাইরাল হওয়া মাছচোর গান৷ বৃহস্পতিবার ক্যানিংয়ের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লার সামনেই তারস্বরে বাজল ‘মাছচোর’৷ যদিও সব শুনেও কিছু করার ছিল না অসহায় শওকত মোল্লার৷ কারণ তখন তিনি পুলিশের ঘেরাটোপে৷

    এনআইএ-এর হাতে গ্রেফতার হওয়ার পর একটি ধর্ষণ মামলার তদন্তে শওকত মোল্লাকে হেফাজতে নিয়েছে জীবনতলা থানার পুলিশ৷ শওকত এবং আরও বেশ কয়েকজনের বিরুদ্ধে জীবনতলা থানায় ধর্ষণের অভিযোগ করেন এক মহিলা৷ এ দিন দুপুরে ক্যানিংয়ের প্রাক্তন বিধায়ককে জীবনতলা বাজার এলাকায় ঘোরায় পুলিশ৷ যদিও পুলিশের দাবি, ঘটনার পুনর্নির্মাণের জন্যই নিয়ে আসা হয়েছিল শওকতকে৷ প্রাক্তন তৃণমূল বিধায়ককে যখন জীবনতলা বাজারের রাস্তা দিয়ে পুলিশ হাঁটিয়ে নিয়ে যাচ্ছে, তখনই ভিড়ের মধ্যে থেকে জোরে জোরে ‘মাছচোর’ গান চালিয়ে দেওয়া হয়৷

    যদিও শওকত মোল্লার দাবি, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যে৷ সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে ধৃত তৃণমূল নেতার সংক্ষিপ্ত প্রতিক্রিয়া, আমার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে৷

    শওকত মোল্লাকে যখন জীবনতলা বাজার দিয়ে পুলিশ ঘোরাচ্ছে, তখন সেখানে হাজির ছিলেন তাঁর পরিবারের সদস্যরাও৷ প্রাক্তন তৃণমূল বিধায়ককে যেভাবে পুলিশ রাস্তায় নিয়ে ঘুরিয়েছে, তাতে তীব্র আপত্তি জানিয়েছেন শওকত মোল্লার মেয়ে৷ তাঁর পাল্টা হুঁশিয়ারি, এভাবে ওনাকে পুলিশ ঘোরাতে পারে না৷ আমরা প্রত্যেকের বিরুদ্ধে মানহানির মামলা করব৷

    শওকত মোল্লাকে পুলিশ রাস্তায় ঘোরানোর পাশাপাশি এ দিন তাঁর ছেলের বেআইনি ক্যাফের বিরুদ্ধেও পদক্ষেপ করেছে প্রশাসন৷ অভিযোগ, ক্যানিংয়ের মৌখালিতে মাতলা নদীর চরে অবৈধ ভাবে ক্যাফে তৈরি করেছিলেন শওকত মোল্লার ছেলে৷ নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরও ক্যাফে সরিয়ে না নেওয়ায় এ দিন বুলডোজার নিয়ে গিয়ে সেই ক্যাফে ভেঙে গুঁড়িয়ে দেয় প্রশাসন৷
  • Link to this news (News18 বাংলা)