• নয়া সরকারের শুরুতেই বড় চমক! দুবরাজপুর হাসপাতালে চালু হল বিনামূল্যের '১০২' অ্যাম্বুল্যান্স
    News18 বাংলা | ০৩ জুলাই ২০২৬
  • : রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের পর পথ চলা শুরু করেছে নতুন সরকার। আর সরকার গঠনের পরেই কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা সরাসরি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার তৎপরতা শুরু হয়েছে জেলা স্তরে। তার এক জলজ্যান্ত উদাহরণ মিলল বীরভূমের দুবরাজপুর এলাকায়। কেন্দ্রীয় সরকারের ‘ন্যাশনাল হেলথ মিশন’ প্রকল্পের আওতায় আজ, বৃহস্পতিবার দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে আনুষ্ঠানিকভাবে চালু হয়ে গেল বিনামূল্যে ‘১০২’ অ্যাম্বুল্যান্স পরিষেবা।

    রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসার পর দুবরাজপুর গ্রামীণ হাসপাতালের প্রথম রোগী কল্যাণ সমিতির বৈঠকে স্থানীয় বিজেপি বিধায়ক অনুপ কুমার সাহা প্রতিশ্রুতি দিয়েছিলেন, সাধারণ মানুষের সুবিধার্থে এই হাসপাতালে দ্রুত ১০২ অ্যাম্বুল্যান্স পরিষেবা চালু করা হবে। সেই প্রতিশ্রুতি রক্ষা করেই আজ, বৃহস্পতিবার হাসপাতালের সামনে ফিতে কেটে এই পরিষেবার শুভ সূচনা করেন বিধায়ক অনুপ কুমার সাহা।

    বিনামূল্যে এই সরকারি পরিষেবা আসলে কাদের জন্য এবং কীভাবে এর সুবিধা পাওয়া যাবে, সেই বিষয়ে স্পষ্ট ধারণা দিয়েছেন দুবরাজপুর গ্রামীণ হাসপাতালের ব্লক স্বাস্থ্য আধিকারিক (BMOH) ডাঃ সালমান মণ্ডল এবং ১০২ অ্যাম্বুল্যান্স প্রোগ্রামের ডিস্ট্রিক্ট ম্যানেজার রাহুল চৌধুরী। তাঁরা জানান, এই পরিষেবা মূলত গর্ভবতী মহিলা, প্রসূতি মা এবং ১ বছর বয়স পর্যন্ত অসুস্থ শিশুদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। বাড়ি থেকে প্রসবকালীন অবস্থায় হাসপাতালে আনা, হাসপাতাল থেকে অন্য কোথাও রেফার করা অথবা সুস্থ হওয়ার পর মা ও শিশুকে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য এই অ্যাম্বুল্যান্স পরিষেবা ২৪ ঘণ্টাই উপলব্ধ থাকবে।

    দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে এই জরুরি পরিষেবা চালু হওয়ার ফলে এলাকার কয়েক হাজার মানুষ উপকৃত হবেন। বিশেষ করে গ্রামীণ এলাকার দরিদ্র প্রসূতি মা ও শিশুদের চিকিৎসার ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আগে জরুরি ভিত্তিতে বেসরকারি অ্যাম্বুল্যান্স ভাড়া করতে গিয়ে যে বিপুল পরিমাণ আর্থিক চাপের মুখে পড়তে হতো সাধারণ মানুষকে, বিনামূল্যে এই ডবল ইঞ্জিন সরকারের প্রকল্প চালু হওয়ায় সেই খরচ থেকে রেহাই পাবেন তাঁরা। এদিনের এই উদ্বোধনী কর্মসূচিতে বিধায়ক অনুপ কুমার সাহা ছাড়াও উপস্থিত ছিলেন দুবরাজপুর ব্লকের জয়েন্ট বিডিও সৌরভ পাল, দুবরাজপুর পৌরসভার প্রাক্তন বিজেপি কাউন্সিলর সত্যপ্রকাশ তেওয়ারি-সহ ব্লক স্বাস্থ্য দফতরের অন্যান্য আধিকারিক ও বিশিষ্টজনেরা। এলাকার সাধারণ মানুষ ও চিকিৎসা করাতে আসা রোগীদের পরিবার প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
  • Link to this news (News18 বাংলা)