• শুভেন্দুর পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিষেক
    আজকাল | ০৩ জুলাই ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ ও সিআইডি-র বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ করলেন অভিষেক ব্যানার্জি। একাধিক মামলায় তাঁর সঙ্গে যুক্ত ২৫ জনকে এসটিএফ বা সিআইডি হঠাৎ তলব করছে বা যথেচ্ছভাবে তুলে নিয়ে গিয়েছে বলে অভিযোগ। এরপর ওইসব ব্যক্তিদের অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে মিথ্যা বয়ান দেওয়ার জন্য ভয় দেখানো হচ্ছে, হুমকি ও চাপ সৃষ্টি করা হচ্ছে, এমনকি ফোন আড়ি পেতে শোনা হচ্ছে বলেও অভিযোগ। অভিষেকের অফিসের কর্মী ও অন্যান্যদের পরিবারের মহিলা-সহ অন্য সদস্যদেরও হেনস্থা ও হুমকি দেওয়া হচ্ছে বলে তোপ দাগলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

    বৃহস্পতিবার রাতে সোশাল মিডিয়ায় পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ ও সিআইডি-র বিরুদ্ধে পোস্ট করেছেন অভিষেক ব্যানার্জি। শুরুতেই তিনি গত কয়েক সপ্তাহের প্রবণতার কথা তুলে ধরে লিখেছেন, 'গত কয়েক সপ্তাহ ধরে, জিজ্ঞাসাবাদের অজুহাতে পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ ও সিআইডি কোনো যথাযথ নোটিশ ছাড়াই এবং আইনি সুরক্ষার মৌলিক নিয়মগুলো লঙ্ঘন করে আমার অফিসের কর্মী বা আমার সাথে যুক্ত প্রায় ২৫ জন ব্যক্তিকে হঠাৎ তলব করেছে কিংবা যথেচ্ছভাবে তুলে নিয়ে গেছে।'

    এরপরই চাঞ্চল্যকর অভিযোগ করেন তিনি। লেখেন, 'আমার বিরুদ্ধে মিথ্যা বয়ান দেওয়ার জন্য তাঁদের ভয় দেখানো হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে এবং চাপ সৃষ্টি করা হচ্ছে। তাঁদের ফোন আড়ি পেতে শোনা হচ্ছে এবং এমনকি নারীসহ পরিবারের সদস্যদেরও হেনস্থা ও হুমকি দেওয়া হচ্ছে।'

    অভিষেকের দাবি এইসবই রাজনৈতিক প্রতিহিংসা। তিনি লেখেন, 'এটি রাজনৈতিক প্রতিহিংসা ও ভয় দেখানোর এক চরম নিদর্শন। যে সরকারের মুখ্যমন্ত্রীকে ঘুষ নেওয়ার অভিযোগে ক্যামেরায় ধরা পড়তে দেখা গেছে এবং যাঁর বিরুদ্ধে সিবিআই-এর একাধিক মামলা ঝুলে আছে, সেই সরকারই এখন আমাকে লক্ষ্যবস্তু করতে সরকারি সংস্থাগুলোকে ব্যবহার করছে।'

    শেষে তৃণমূলের 'সেকেন্ড ইন কমান্ড'- নিজের সংকল্পের কথা তুলে ধরেছেন। সোশাল মিডিয়া পোস্টে লিখেছেন, 'আপনারা যা পারেন করুন। শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত আমি মাথা নত করব না।'


  • Link to this news (আজকাল)