• চাঞ্চল্যকর অভিযোগ অভয়ার বাবার! নিশানায় তিন জন
    আজকাল | ০৩ জুলাই ২০২৬
  • গোপাল সাহা

    আরজি কর মেডক্যাল কলেড এবং হাসপাতালে ডাক্তারি পড়ুয়ার ধর্ষণ ও খুনের মামলায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। এবার ভিসেরা পরীক্ষার নমুনা নিয়ে গুরুতর অভিযোগ তুলেছে নির্যাতিতার পরিবার। নির্যাতিতার বাবার দাবি, এক প্রাক্তন ফরেন্সিক আধিকারিক চিঠি দিয়ে জানিয়েছেন যে, রাজ্য ফরেন্সিক পরীক্ষাগারে সংরক্ষিত ভিসেরা নমুনা বদলে দেওয়া হয়েছিল। এই অভিযোগ সামনে আসতেই মামলাকে ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভয়ার বাবা সেই চিঠি জমা দিয়েছেন শিয়ালদহ আদালতে।

    নির্যাতিতার বাবা দাবি করেছেন, কয়েকদিন আগে তাঁদের কাছে একটি তিছি এসে পৌঁছয়। তাঁরা দাবি করেছেন যে, ওই চিঠির প্রেরক বেলগাছিয়ায় রাজ্যের ফরেন্সিক ল্যাবের একজন প্রাক্তন কর্মীর লিখেছেন। চিঠিতে অভিযোগ করা হয়েছে যে, অভয়ার ফরেন্সিক পরীক্ষার জন্য সংগ্রহ করা ভিসেরা নমুনা সিবিআইয়ের ফরেন্সিক ল্যাবে পাঠানোর আগে বদলে ফেলা হয়েছিল। আরও অভিযোগ করা হয়েছে, তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তথা তৃণমূল কংগ্রেসের নির্দেশে রাজনৈতিক হিংসায় নিহত বিজেপি ও সিপিএম কর্মীদের শত শত ভিসেরা নমুনার ক্ষেত্রেও একই ধরনের কারচুপির ঘটনা ঘটেছে। চিঠিতে বিষয়টির পূর্ণাঙ্গ তদন্তের আবেদন জানানো হয়েছে। নির্যাতিতার বাবার অভিযোগ, রাজ্য ফরেন্সিক বিভাগের তিন আধিকারিক এই ঘটনায় জড়িত ছিলেন বলে চিঠিতে উল্লেখ রয়েছে (চিঠি এবং অভিযোগের সত্যতা যাচাই করেনি আজকাল ডট ইন)।

    অন্যদিকে, আরজি কর কাণ্ডের তদন্তের সময় সিবিআই তাদের স্ট্যাটাস রিপোর্টে উল্লেখ করেছিল যে, ২০২৪ সালের ৯ আগস্ট আরজি কর মেডিক্যাল কলেজের মর্গে অভয়ার ময়নাতদন্তের পর ভিসেরা নমুনা সংরক্ষণ করা হয়। ১৩ আগস্ট তারিখে তা পরীক্ষার জন্য পাঠানো হয়। তবে এই চার দিনের বিলম্বের কোনও কারণ কলকাতা পুলিশ সিবিআই কে দিতে পারেনি।

    রাজ্য রাজনীতিতে পালাবদল ঘটার পরেই আরজি কর হাসপাতালের সেই তরুণী চিকিৎসক ধর্ষণ ও মর্মান্তিক খুনের ঘটনার তদন্তে নতুন করে প্রবল গতি এসেছে। প্রমাণ লোপাট এবং প্রকৃত দোষীদের আড়াল করার মারাত্মক অভিযোগে ইতিমধ্যেই কলকাতা পুলিশের তৎকালীন তিন শীর্ষ আধিকারিককে সাসপেন্ড করেছে বর্তমান সরকার। নতুন করে তদন্ত শুরু করেছে সিবিআই। 
  • Link to this news (আজকাল)