এক আদিবাসী নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ উঠেছে দুর্গাপুরে। ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুর্গাপুর থানার পুলিশ চার আদিবাসী যুবককে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার, ধৃত চার অভিযুক্তকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়। বিচারক তাদের ৬ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। ধৃতদের বিরুদ্ধে পকসো (POCSO) আইনে মামলা রুজু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৩০ জুন রাতে বছর ষোলোর ওই আদিবাসী কিশোরী শৌচকর্মের জন্য বাড়ি থেকে বেরিয়েছিল। কিন্তু রাত গভীর হলেও সে বাড়ি ফিরে আসেনি। বাড়ির লোকজন চারিদিকে খোঁজখবর শুরু করে। কিন্তু সেই রাতে ওই কিশোরীর খোঁজ পাওয়া যায়নি বলে অভিযোগ।
এর পরে ১ জুলাই অর্থাৎ বুধবার সকালে বিধ্বস্ত ও রক্তাক্ত অবস্থায় কোনওমতে বাড়ি ফিরে আসে ওই কিশোরী। পরিবার সূত্রের খবর, বাড়ি ফিরে তার উপর হওয়া শারীরিক নির্যাতনের কথা পরিবারের লোকেদের জানায় কিশোরী। ওই দিনই সন্ধ্যায় দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে নির্যাতিতা কিশোরীর পরিবার। অভিযোগ পাওয়া মাত্রই তদন্তে নেমে চার অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।
এই ঘটনার প্রতিবাদে এবং দোষীদের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছে বিভিন্ন সংগঠন। বৃহস্পতিবার দুর্গাপুর থানায় এই দাবিতে ডেপুটেশন জমা দেয় ভারতের গণতান্ত্রিক মহিলা সমিতির সদস্যরা। এলাকায় নারী নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি তুলেছে তারা।