সিকিম-শিলিগুড়ি একাধিক রাস্তা বন্ধ, বাঘপুলের কাছে ট্রাফিক নিয়ন্ত্রণ, যাওয়ার আগে যা জানা জরুরি
আজ তক | ০২ জুলাই ২০২৬
Sikkim Sevoke Road Restriction: সিকিমে টানা বৃষ্টির জেরে একাধিক গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল ব্যাহত হয়েছে। ২ জুলাই ২০২৬ তারিখে সিকিম পুলিশ কন্ট্রোল রুমের প্রকাশিত সর্বশেষ রোড সিচুয়েশন রিপোর্ট এবং এনএইচআইডিসিএলের বিজ্ঞপ্তি অনুযায়ী, গ্যাংটক, মাঙ্গান, নামচি, গ্যালশিং এবং সোরেং জেলার বেশ কয়েকটি রাস্তায় অবরোধ, যানবাহন ঘুরিয়ে দেওয়া এবং রক্ষণাবেক্ষণের কাজ চলছে। একই সঙ্গে পশ্চিমবঙ্গের সেভকেশ্বরী মন্দির, করোনেশন ব্রিজ সংলগ্ন এনএইচ ১০ এলাকায় ঝুলন্ত পাথর নামানোর জন্য বৃহস্পতিবার সকাল ৫টা থেকে সকাল ১১টা পর্যন্ত ট্রাফিক নিয়ন্ত্রণ এবং ডাইভারশন কার্যকর করা হয়েছে। সাধারণ মানুষকে যাত্রার আগে রুট সম্পর্কে নিশ্চিত হয়ে বের হওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।
গ্যাংটক জেলায় সিংতাম থেকে ডিকচু যাওয়ার রাস্তা রাংচাং এলাকায় বন্ধ রয়েছে। হালকা যানবাহনকে মাখা দশ মাইল হয়ে খামডুং রুটে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। গ্যাংটক থেকে চানগু যাওয়ার রাস্তা গোসকান দারা পেরিয়ে রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ রয়েছে। তবে জেলার অন্যান্য সব রাস্তা স্বাভাবিক রয়েছে। পাকিয়ং জেলার সমস্ত প্রধান সড়কেই যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাঙ্গান জেলায় পরিস্থিতি সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে। রাকদুং টিনটেক রুটে অষ্টম মাইলের কাছে এলিম চার্চ সংলগ্ন অংশে রাস্তা বন্ধ রয়েছে। ফোদং হয়ে গ্যাংটক যাওয়ার রাস্তা শুধুমাত্র হালকা যানবাহনের জন্য চালু রয়েছে। মাঙ্গান থেকে চুংথাং যাওয়ার ভুট্টং নাগা নিউ রোড থেং টানেলের কাছে বন্ধ রয়েছে। ফিডাং সানকালাং রুটে বেইলি ব্রিজ সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হওয়ায় যান চলাচল বন্ধ। তবে সাংকালাং শিপগিয়ের রুট দিয়ে হালকা যানবাহন চলাচল করতে পারছে। চুংথাং থেকে লাচেন যাওয়ার রাস্তা তারামচু এলাকায় বন্ধ রয়েছে। অন্যদিকে লাচেন থেকে থাঙ্গু, থাঙ্গু থেকে গুরুডংমার, চুংথাং থেকে লাচুং, লাচুং থেকে ইয়ুমথাং, ইয়ুমথাং থেকে জিরো পয়েন্ট এবং মাঙ্গান থেকে ডিকচু যাওয়ার রাস্তা খোলা রয়েছে।
নামচি জেলায় রাভাংলা থেকে ইয়াংয়াং যাওয়ার রাস্তা কোগুনায় বন্ধ রয়েছে। ফোংলা থেকে বারমইক যাওয়ার রাস্তা বেদঘরিতে বন্ধ রয়েছে। জেলার বাকি সব রাস্তা সচল রয়েছে। গ্যালশিং জেলায় সোপাকা থেকে চিওয়াভাঞ্জাং যাওয়ার রাস্তা বন্ধ রয়েছে। তবে অন্যান্য সব রাস্তা খোলা রয়েছে।
সোরেং জেলায় সোমবারিয়া থেকে জোরেথাং যাওয়ার থারপু রুট এবং সোরেং থেকে জোরেথাং যাওয়ার মালবেসে রুট চুধারে খোলার স্টিল ব্রিজের রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ রাখা হয়েছে। জেলার অন্যান্য সব রাস্তা সচল রয়েছে। এনএইচ ১০ এ রংপোর ২০ মাইল এলাকায় একমুখী যান চলাচল চালু রয়েছে।
এদিকে এনএইচআইডিসিএল জানিয়েছে, গত ২৫ জুন ভূমিধসের পর ক্ষতিগ্রস্ত অংশে দ্রুত মেরামত এবং ধ্বংসাবশেষ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছিল। কিন্তু লাগাতার বৃষ্টির কারণে পাহাড়ের ঢালে এখনও বেশ কয়েকটি বড় পাথর বিপজ্জনকভাবে ঝুলে রয়েছে। যাত্রীদের নিরাপত্তার স্বার্থে আজ সকাল ৫টা থেকে সকাল ১১টা পর্যন্ত নিয়ন্ত্রিতভাবে সেই পাথর নামানোর কাজ হবে। এই সময় করোনেশন ব্রিজের কাছে সেভকেশ্বরী মন্দির সংলগ্ন এনএইচ ১০ এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ এবং ডাইভারশন চালু থাকবে। যাত্রীদের আগে থেকেই যাত্রার পরিকল্পনা করে প্রশাসনের সঙ্গে সহযোগিতা করার আবেদন জানানো হয়েছে।